ইরান যুদ্ধসহ আট অভিযোগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের উদ্যোগ

ইরানে সামরিক অভিযান পরিচালনা, কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালানো এবং মার্কিন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নিয়েছেন রিপাবলিকান দলের আইনপ্রণেতা থমাস ম্যাসি। এ লক্ষ্যে সোমবার (৯ নভেম্বর) মার্কিন প্রতিনিধি পরিষদে তাঁর বিরুদ্ধে আটটি অভিশংসন ধারা উত্থাপন করেছেন কেনটাকির এই বিদায়ী কংগ্রেস সদস্য।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হেগসেথের বিরুদ্ধে অবৈধ সামরিক নির্দেশ বাস্তবায়ন, সংবিধান লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন ম্যাসি। এর আগে সেপ্টেম্বরেও তিনি একই ধরনের অভিশংসন প্রস্তাব দিয়েছিলেন। তবে প্রতিনিধি পরিষদের অধিবেশন আগেভাগে শেষ হয়ে যাওয়ায় সে উদ্যোগে ভোটাভুটি হয়নি। নতুন করে প্রস্তাব উত্থাপনের ফলে আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে ভোটাভুটির সম্ভাবনা তৈরি হয়েছে।
ম্যাসি বলেন, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ার আগেই হেগসেথের পদত্যাগ করা উচিত। তার অভিশংসন প্রস্তাবের পক্ষে অন্য দলের আইনপ্রণেতারাও ভোট দিলে তিনি স্বাগত জানাবেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাসি বলেন, হেগসেথকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে চান এমন যেকোনো আইনপ্রণেতার সমর্থন তিনি গ্রহণ করবেন।
আটটি অভিযোগে অভিশংসনের উদ্যোগ
ম্যাসির উত্থাপিত আটটি অভিযোগের মধ্যে তিনটি সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সঙ্গে সম্পর্কিত। তার অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ পরিচালনা করে হেগসেথ ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজল্যুশন লঙ্ঘন করেছেন।
এ ছাড়া যুদ্ধের সময় বেসামরিক নাগরিকদের সুরক্ষায় বিদ্যমান আইন উপেক্ষা করার অভিযোগও আনা হয়েছে। এ প্রসঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলার কথা উল্লেখ করেন ম্যাসি। ওই হামলায় ১২০ শিশুসহ ১৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন বলে তাঁর অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিশংসন প্রস্তাবের অন্য অভিযোগগুলোর মধ্যে রয়েছে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানে প্রাণঘাতী হামলা, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক, পেন্টাগনে সংবাদমাধ্যমের স্বাধীনতা সীমিত করা এবং ইয়েমেনে কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক অভিযান পরিচালনা।
অভিযোগ প্রত্যাখ্যান হেগসেথের
তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সাংবাদিকদের তিনি বলেন, সামরিক অভিযান নিয়ে যাঁদের নীতিগত আপত্তি রয়েছে, তাঁদের সঙ্গে তার মতপার্থক্য থাকতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরতে তিনি প্রস্তুত।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হেগসেথের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, তিনি ভালো কাজ করছেন। যুদ্ধটি অজনপ্রিয় হলেও প্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেন তিনি।
অভিশংসন প্রস্তাবের ভবিষ্যৎ কী?
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব পাস করতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার সমর্থন প্রয়োজন। এরপর বিষয়টি সিনেটে গেলে দোষী সাব্যস্ত করে পদ থেকে অপসারণের জন্য দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাগবে।
ম্যাসির প্রস্তাবের পক্ষে ডেমোক্র্যাটদের সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিসও হেগসেথের অভিশংসনের পক্ষে অবস্থান জানিয়েছেন।
আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা গ্রহণ করলে হেগসেথের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে। তবে অভিশংসন প্রস্তাব উত্থাপন মানেই তাঁর পদচ্যুতি নয়। প্রস্তাবটি পাস হওয়া এবং সিনেটে দোষী সাব্যস্ত হওয়ার মধ্য দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে হবে।


