Advertisement

ইরানের হরমোজগানে মার্কিন বিমান হামলা জোরদার, নিহত ৩

এশিয়া পোস্ট ডেস্ক
ইরানের হরমোজগানে মার্কিন বিমান হামলা জোরদার, নিহত ৩
ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ প্রদেশ হরমোজগানে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলা আরও জোরদার করা হয়েছে। হামলার পরিধি বাড়িয়ে ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইয়াজদ এবং দক্ষিণাঞ্চলীয় লার, আহভাজ, সিরিক, বুশেহর, বন্দর আব্বাস ও দারাব শহরে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে।

এসব এলাকায় বিকট শব্দে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপেও টানা দ্বিতীয় রাতের মতো ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।

ইরানের হরমোজগান প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, মার্কিন যুদ্ধবিমান থেকে চালানো এই হামলায় প্রদেশের দুটি গুরুত্বপূর্ণ সেতু এবং একটি টানেলকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে। হরমোজগানের উপ-গভর্নর জানিয়েছেন, শনিবার (১৮ জুলাই) ভোরে প্রদেশজুড়ে বেশ কয়েকটি স্থানে চালানো এই হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও আটজন সাধারণ মানুষ আহত হয়েছেন।

এদিকে মার্কিন হামলার পাল্টা জবাব দেওয়ার দাবি করেছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভোল্যুউশনারি গার্ড কোর (আইআরজিসি)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বুশেহর অঞ্চলের আকাশে মার্কিন সামরিক বাহিনীর একটি অত্যাধুনিক ‘এমকিউ-৯’ ড্রোন সনাক্ত করার পর আইআরজিসি নৌবাহিনীর সদ্য মোতায়েন করা উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।

অন্যদিকে, ইরান নৌবাহিনী দাবি করেছে, তারা ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে অবস্থানরত একটি মার্কিন যুদ্ধজাহাজকে উপকূল থেকে সাগরে নিক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে। এছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সম্পদের ওপরও হামলা চালানোর কথা নিশ্চিত করেছে আইআরজিসি।

আইআরজিসি অন্য একটি বিবৃতিতে জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর মদদপুষ্ট আইন অমান্যকারী চারটি জাহাজ জোরপূর্বক হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করছিল। কিন্তু ইরানি বাহিনীর একটি যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের মুখে সেগুলোকে মাঝপথেই গতিরোধ করে থামিয়ে দেওয়া হয়।

পৃথক আরেকটি বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণে মাইন পাতা একটি সমুদ্রপথ অতিক্রম করার পরপর দুটি তেলবাহী ট্যাংকারে বিকট বিস্ফোরণ ঘটে এবং সেগুলোতে ভয়াবহ আগুন ধরে যায়।

সূত্র: আলজাজিরা