logo

তেল পাচারকালে ৫৩ ক্রুসহ দুই ট্যাংকার আটক

তেল পাচারকালে ৫৩ ক্রুসহ দুই ট্যাংকার আটক

অবৈধ জাহাজ থেকে জাহাজে তেল পরিবহনের অভিযোগে দুটি ট্যাংকার আটক করেছে মালয়েশিয়া। এ ছাড়াও ৫১২ মিলিয়ন রিঙ্গিত (১২৯.৯ মিলিয়ন ডলার) মূল্যের অপরিশোধিত তেল জব্দ করা হয়। এ সময় দুটি ট্যাংকারে ৫৩ ক্রু সদস্য ছিলেন।

শনিবার (৩১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি।

গত বৃহস্পতিবার পেনাংয়ের মুকা হেডের ২৪ নটিক্যাল মাইল পশ্চিম সমুদ্রে ট্যাংকার দুটি আটক করা হয় বলে রয়টার্স জানিয়েছে। তবে তেলগুলোর কোথা থেকে আনা হয়েছিল, তা জানা যায়নি।

মালয়েশিয়ার জলসীমা দীর্ঘদিন ধরেই অবৈধ জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের জন্য পরিচিত একটি এলাকা। সাধারণত সমুদ্রে তেলের প্রকৃত উৎস গোপন করার জন্য ট্যাংকারগুলোর মধ্যে এভাবে তেল স্থানান্তর করা হয়।

গত বছরের জুলাই মাসে মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করবে।

আটক করা ট্যাংকার দুটির সঙ্গে মোট ৫৩ ক্রু সদস্য ছিলেন। তারা চীন, মিয়ানমার, ইরান, পাকিস্তান ও ভারতের নাগরিক বলে জানা গেছে।

সংস্থাটি জানায়, দুটি জাহাজের ক্যাপ্টেনকে গ্রেপ্তার করে পেনাং রাজ্যের সামুদ্রিক তদন্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেরিটাইম ক্যাপ্টেন মুহাম্মদ সুফি মোহাম্মদ রামলি জানান, গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টার দিকে একটি অভিযোগ পাওয়ার পর একটি টহল নৌকা ওই ট্যাংকারগুলো পরিদর্শনে যায়। পরিদর্শনের সময় দেখা যায়, দুটি জাহাজ একসঙ্গে জোড়া অবস্থায় নোঙর করা ছিল, যা দেখে ধারণা করা হয় যে তারা তেল স্থানান্তরের কাজ করছিল।

তিনি আরও বলেন, অনুমতি ছাড়া নোঙর করার কারণে ট্যাংকারগুলোর বিরুদ্ধে তদন্ত চলছে, যার জন্য ১ লাখ রিঙ্গিত জরিমানা হতে পারে। পাশাপাশি অবৈধ জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের জন্য প্রতিটি জাহাজের বিরুদ্ধে ২ লাখ রিঙ্গিত করে জরিমানা আরোপের বিষয়েও তদন্ত চলছে।