logo

হামলাকারীর সঙ্গে ইরানের যোগসূত্র নেই: ট্রাম্প

হামলাকারীর সঙ্গে ইরানের যোগসূত্র নেই: ট্রাম্প

ওয়াশিংটন ডিসিতে ঘটে যাওয়া গোলাগুলির ঘটনায় ইরানের কোনো যোগসূত্র নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিল্টন হোটেলে হামলার চেষ্টার ঘটনায় এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন ট্রাম্প।

ট্রাম্প জানান, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই হামলার পেছনে ইরানের হাত আছে বলে তিনি মনে করেন না। তবুও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানান, হামলার ভয়াবহতা ও গুরুত্ব বিবেচনা করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে খুব শিগগিরই আইনি অভিযোগ গঠন করা হবে। অন্যদিকে এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, তাদের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামতগুলো পরীক্ষা করছে। ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও তথ্র সংগ্রহ করা হচ্ছে।

শহরের অন্তর্বর্তীকালীন পুলিশ প্রধান জেফরি ক্যারল জানিয়েছেন, আটককৃত ব্যক্তি একা ছিল নাকি তার সঙ্গে আরও কেউ ছিল, তা নিয়ে তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্ত অনুযায়ী, হামলাকারী ব্যক্তি একাই একাধিক ভারী অস্ত্রে সজ্জিত হয়ে এই হামলা চালিয়েছে। এই মুহূর্তে দ্বিতীয় কোনো সন্দেহভাজন ব্যক্তির জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, রাত ৮টা ৩৬ মিনিটে এ ঘটনা ঘটে। একজন বন্দুকধারী হোটেলের নিরাপত্তাবলয় ভেঙে লবিতে প্রবেশের চেষ্টা করে। তবে সিক্রেট সার্ভিস এজেন্টদের তাৎক্ষণিক তৎপরতায় হামলাকারীকে প্রতিহত করা সম্ভব হয়।

মেয়র নিশ্চিত করেছেন, হামলাকারী বন্দুকধারী নিজেও আহত হয়েছে এবং বর্তমানে তাকে কড়া পাহারায় হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে। হোটেলের ভেতরে যখন ডোনাল্ড ট্রাম্পসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অবস্থান করছিলেন, ঠিক সেই সময়ে এই হামলা পুরো আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাকে বড় ধরণের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

তিনি জানান, এফবিআই এবং গোয়েন্দা সংস্থাগুলো এখন খতিয়ে দেখছে এই হামলার নেপথ্যে কোনো বড় গোষ্ঠীর হাত রয়েছে কি না।