logo

হুতির ছোড়া চারটি ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

হুতির ছোড়া চারটি ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতির ছোড়া চারটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ছবি: আরব নিউজ

সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া বিস্ফোরকবাহী চারটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। মঙ্গলবার ভোরে (২৭ অক্টোবর) এ ঘটনা ঘটে। এর কয়েক ঘণ্টা আগে সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

জোটের বিবৃতি অনুযায়ী, সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে চারটি ড্রোন ছোড়ে হুতিরা।

এদিকে সম্ভাব্য শত্রু হামলার আশঙ্কায় সৌদি আরবের সিভিল ডিফেন্স বিভাগ পূর্বাঞ্চল এবং খারজ গভর্নরেটে আগাম সতর্কবার্তা জারি করে। পরে সংস্থাটি জানায়, উভয় এলাকাতেই বিপদের আশঙ্কা কেটে গেছে।

গত মাসে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকাগুলো দখল করার পর হুতিদের বিরুদ্ধে হামলা জোরদার করেছে সৌদি আরব। এসব এলাকা থেকে হুতিরা বাব আল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাব আল-মান্দেব প্রণালি আন্তর্জাতিক নৌবাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোর জন্যও এই নৌপথের কৌশলগত গুরুত্ব রয়েছে।

সাম্প্রতিক সংঘাতের ফলে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। ওই যুদ্ধবিরতির ফলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট এবং ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হুতিদের মধ্যে হামলা অনেকটাই বন্ধ হয়েছিল।