আমাদের উষ্ণ সম্পর্ক রাখা খুবই গুরুত্বপূর্ণ

আসন্ন বেইজিং সফরের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ ফোনালাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের মধ্যে পুঙ্খানুপুঙ্খ ও চমৎকার আলাপ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এ ফোনালাপের খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
ডোনাল্ড ট্রাম্প জানান, আসন্ন চীন সফর, রুশ-ইউক্রেন যুদ্ধ, ইরান ও তাইওয়ান পরিস্থিতি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীনের তেল-গ্যাস ক্রয়, বাণিজ্য ও সামরিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন তারা। এ ছাড়া ফোনালাপে অন্যান্য বিষয় নিয়েও কথা হয়েছে।
তিনি বলেন, চীন অতিরিক্ত মার্কিন কৃষি পণ্য কিনতে চায়। এ ছাড়া দেশটি বিমানের ইঞ্জিন সরবরাহের জন্য অপেক্ষা করছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীন ও দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। আমি ও শি উভয়েই বুঝি যে এমন উষ্ণ সম্পর্ক রাখাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে আমরা অনেক ইতিবাচক সাফল্য পাব।
এদিকে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছে বেইজিং। তবে কী নিয়ে কথা হয়েছে, এ বিষয়ে তেমন তথ্য জানায়নি।
গত বছরের অক্টোবরের শেষের দিকে দক্ষিণ কোরিয়ায় শি এবং ট্রাম্পের বৈঠকের পর চীন-মার্কিন সম্পর্ক স্থিতিশীল হয়। উভয় পক্ষই বিশ্ববাজারকে অস্থির করে তোলা দীর্ঘস্থায়ী বাণিজ্য বিরোধ নিরসনে অগ্রগতির ইঙ্গিত দিয়েছে।