logo

যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে সরে আসার আহ্বান ইরানের

যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে সরে আসার আহ্বান ইরানের

সংঘাত থেকে সরে এসে যুক্তরাষ্ট্রকে শান্তির পথ খোঁজার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বর্তমান পরিস্থিতি বিবেচনায় সংঘাতের পথকে ‘ব্যর্থ ও নিরর্থক’ হিসেবে আখ্যায়িত করেছেন। একইসঙ্গে তিনি মার্কিন নীতি এবং ইরানকে ঘিরে বিশ্বজুড়ে চলা অপপ্রচারের সমালোচনা করেছেন। 

বুধবার (১ এপ্রিল)  মার্কিন জনগণের উদ্দেশে লেখা একটি খোলা চিঠিতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই কথাগুলো বলেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। 

যুক্তরাষ্ট্রের বর্তমান অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতির অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলে পেজেশকিয়ান বলেন, মার্কিন সরকারের কাছে ‘আমেরিকা ফার্স্ট’ (আমেরিকা প্রথম) নীতিটি কি আদৌ অগ্রাধিকার তালিকায় রয়েছে? তিনি বলেন, সংঘাতের পথে হাঁটা কোনো পক্ষের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে না।

বিশ্ববাসীর কাছে ইরানের প্রকৃত চিত্র তুলে ধরতে গিয়ে তিনি বলেন, প্রায় ৯ কোটি মানুষের এই দেশটিকে বিচার করতে হবে তথ্যের ভিত্তিতে, অপপ্রচারের ভিত্তিতে নয়। যারা সশরীরে ইরান ভ্রমণ করেছেন তাদের অভিজ্ঞতা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইরানি মেধাবী নাগরিকদের অর্জনের দিকে তাকাতে তিনি মার্কিন নাগরিকদের অনুরোধ জানিয়েছেন।

পেজেশকিয়ান উল্লেখ করেন, ইরানে শিক্ষা গ্রহণ করে অসংখ্য মেধাবী আজ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকতা ও গবেষণা করছেন। অনেকে পশ্চিমা বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে নেতৃত্ব দিচ্ছেন। ইরান ও তার সাধারণ মানুষ সম্পর্কে যেসব বিকৃত তথ্য প্রচার করা হচ্ছে, বাস্তবচিত্র কি তার সাথে মেলে?

বর্তমান বিশ্ব পরিস্থিতিকে একটি ‘সন্ধিক্ষণ’ হিসেবে অভিহিত করে পেজেশকিয়ান সতর্কবার্তা দেন। তিনি জানান, ইরানের সাথে বৈরিতার পথ বজায় রাখা এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল এবং ফলহীন। তার মতে, বিশ্ব এখন সংঘাত এবং আলোচনার মধ্যবর্তী এক গুরুত্বপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে। এই দুই পথের মধ্যে কোনটি বেছে নেওয়া হবে, তার ওপরই নির্ভর করছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ।