logo

পাকিস্তানে বিয়েবাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

পাকিস্তানে বিয়েবাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

জঙ্গি হামলার ক্রমবর্ধমান ঢেউ মোকাবিলায় হিমশিম খাচ্ছে পাকিস্তান। এবার আফগান সীমান্তের কাছে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) উত্তর-পশ্চিম পাকিস্তানের ডেরা ইসমাইল খান জেলার এ হামলা হয়। 

স্থানীয় পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে শনিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টাস। পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আদনান জানান, গতকাল ডেরা ইসমাইল খানে বিয়ের অনুষ্ঠান চলাকালে ‘শান্তি কমিটির’ সদস্যদের বাসস্থানের একটি ভবনে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।

আদনান আরও বলেন, এই হামলায় প্রায় এক ডজন মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। শুক্রবার ঘটনাস্থলেই তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আফগান সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের মোকাবিলায় স্থানীয় ও প্রবীণ ব্যক্তিদের সমন্বয়ে কমিটিগুলো গঠন করা হয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি।

 

পাকিস্তানি তালেবান, যারা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত, আফগান সীমান্তের উভয় পাশেই সক্রিয়। ইসলামাবাদ সমর্থিত শান্তি কমিটির সদস্যদের বিশ্বাসঘাতক হিসেবে বিবেচনা করে এই গোষ্ঠীটি।

২০০৭ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় টিটিপি। উপজাতি অঞ্চলের বিভিন্ন জঙ্গিগোষ্ঠী নিয়ে জোট হিসেবে এর আত্মপ্রকাশ হয়। তবে ১৯৯৭ সাল থেকেই গোষ্ঠীটি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে আসছে। তাদের ঘোষিত লক্ষ্য হলো পাকিস্তানের শাসনব্যবস্থাকে কঠোর ইসলামী আইন দিয়ে প্রতিস্থাপন করা।

ইসলামাদের অভিযোগ, আফগানিস্তান তাদের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করতে কিছু জঙ্গি গোষ্ঠীকে সুযোগ দিচ্ছে। আফগান সরকার এসব গোষ্ঠীকে থামাতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

তবে কাবুল এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। আফগান তালেবানদের দাবি, জঙ্গিবাদ পাকিস্তানের নিজের অভ্যন্তরীণ সমস্যা এবং এতে আফগানিস্তানকে দোষারোপ করা ঠিক নয়। বিষয়টি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস ও উত্তেজনার আরেকটি উদাহরণ।