দিল্লিতে প্রতিরক্ষা বৈঠকের আগে কলকাতায় মার্কো রুবিও

চারদিনের সফরে ভারতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কেো রুবিও। শনিবার (২৩ মে) কলকাতায় ঝটিকা সফর করবেন তিনি। এর পর সরাসরি রাজধানী নয়াদিল্লিতে যাবেন। সস্ত্রীক এই সফরে তিনি দেশটিতে অবস্থান করবেন আগামী ২৬ মে পর্যন্ত।
দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার আগে খানিকটা অপ্রত্যাশিতভাবেই সফরের শুরু করবেন কলকাতা থেকে।
শনিবার সকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলকাতা বিমানবন্দরে নামবেন। সঙ্গে থাকবেন তার স্ত্রীও। প্রথমে যাবেন মাদার তেরেসা হাউস, তারপর যাবেন একটি বেসরকারি এনজিও ভিক্টোরিয়া চিলড্রেন হোমে৷ এখান থেকেই আবার সরাসরি বিমানবন্দরের হয়ে রাজধানী নয়াদিল্লি যাবেন রুবিও।
কলকাতায় তার সফলের ব্যাপ্তি হবে মাত্র চার ঘণ্টা। ইতোমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারকে তার রাজ্যে আসার খবর কলকাতায় অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জানিয়ে দেওয়া হয়েছে।
দীর্ঘ ১৪ বছর পর কোনো হাই-প্রোফাইল মার্কিন দূতে পা পড়তে চলেছে তিলোত্তমায়। শেষবার ২০১২ সালের নভেম্বর মাসে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ঢাকা হয়ে কলকাতায় যান। দীর্ঘ বৈঠক করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পরেই স্বয়ং মার্কিন সেক্রেটারি অব স্টেটের সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বেশ কয়েকদিন ধরে আলোচনায় ছিল রুবিওর ভারত সফরে পৃথক বৈঠক হতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে।
কিন্তু সূচি অনুযায়ী কলকাতায় এমন কোন বৈঠকের সম্ভাবনা কার্যত নেই। তবে দিল্লিতে মুখোমুখি হতে পারেন শুভেন্দু-রুবিও। সেক্ষেত্রে কলকাতায় নতুন বিনিয়োগের কোনও রাস্তা প্রশস্ত হয় কি না, নজর থাকবে সেদিকে।
অন্যদিকে এই প্রথমবার ভারত সফরে আসছেন মার্কো রুবিও। জানা গেছে, কলকাতা সফর ছেড়ে নয়াদিল্লি পৌঁছাবেন রুবিও। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক হতে পারে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও।
মার্কো রুবিওর এই সফরের শেষ দিনে (২৬ মে) নতুন দিল্লিতে বসছে ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মেগা বৈঠক। ভারত এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করছে। বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া সংকটের জেরে তৈরি হওয়া ভূরাজনৈতিক চ্যালেঞ্জ ও তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
দিল্লির এই বৈঠকে মার্কো রুবিও ছাড়াও উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওয়াং ও জাপানের বিদেশমন্ত্রী মোতেগি তোশিমিতসু। কোয়াড-এর এই হাই-ভোল্টেজ বৈঠকে সভাপতিত্ব করবেন এস জয়শঙ্কর।
কলকাতা ও দিল্লির পর তিনি যাবেন উত্তরপ্রদেশের আগ্রা, রাজস্থানের জয়পুরেও। সফর চলাকালীন রুবিও ভারতের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে মূলত জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।
শুক্রবার (২২ মে) সুইডেনে আয়োজিত ‘ন্যাটো’ সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন রুবিও। সেখান থেকেই সরাসরি ভারতের যাচ্ছেন তিনি।
