পারস্য উপসাগরে বসবাসকারী নাগরিকদের সরে যেতে বলেছে ইরান

ইরানের রাজধানী তেহরানের ওপর সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এমন পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের পারস্য উপসাগরের তীরবর্তী ৫টি দেশের ভূখণ্ড ত্যাগ করার পরামর্শ দিয়েছে ইরান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই পরামর্শ দিয়েছে ইরান মিলিটারি মনিটর।
পোস্টে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং জর্ডানে বসবাসকারী যেসব ইরানি নাগরিক এখনও এই দেশগুলো ছেড়ে যেতে পারেননি, তাদের যত তাড়াতাড়ি সম্ভব এই ৫টি দেশের ভূখণ্ড ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এতে আরও বলা হয়, যদি প্রস্থান সম্ভব না হয়, তবে এসব দেশের কোনো সামরিক ঘাঁটি, হোটেল, ডক, বাণিজ্যিক কমপ্লেক্স বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত কোনো স্থানের কাছে যাওয়া থেকে বিরত থাকুন এবং সমস্ত অপ্রয়োজনীয় ভ্রমণ কমিয়ে দিন।
শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে প্রথম ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়।
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সি এবং সরকারি টেলিভিশন চ্যানেল ইরনা তাদের প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য।
ইরানে ক্ষেপণাস্ত্র ছোড়ার ব্যাপারটি স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশও দিয়েছেন তিনি।