logo

বিমানবালাকে হয়রানি-পুলিশকে থুতু, সিঙ্গাপুরে বাংলাদেশির জেল

বিমানবালাকে হয়রানি-পুলিশকে থুতু, সিঙ্গাপুরে বাংলাদেশির জেল
সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান। ছবি: ওয়াকমাইওয়ার্ল্ড

বিমানবালাকে যৌন হয়রানি ও পুলিশ কর্মকর্তার ওপর থুতু নিক্ষেপের পৃথক দুই অভিযোগে এক বাংলাদেশি তরুণকে প্রায় চার মাসের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের একটি আদালত। দণ্ডপ্রাপ্ত ওই তরুণের নাম খন্দকার মোহাম্মদ ইয়ামিন (২৩)। মদ্যপ অবস্থায় ঘটানো এই দুই অপরাধে দোষ স্বীকার করার পর গত ২৩ নভেম্বর দেশটির আদালত এই রায় ঘোষণা করেন।

আদালতের নথির বরাতে সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস জানায়, গত ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে (যাত্রা শুরুর স্থান নথিতে অপ্রকাশিত রাখা হয়েছে) তিন গ্লাস ওয়াইন পান করে মাতাল হয়ে পড়েন খন্দকার মোহাম্মদ ইয়ামিন। স্থানীয় সময় ভোর চারটার দিকে নিজের আসনে বসা অবস্থায় তিনি ২৬ বছর বয়সি এক নারী বিমানবালার শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন।

Advertisement

ডেপুটি পাবলিক প্রসিকিউটর (ডিপিপি) ক্লারা লো আদালতকে জানান, এই স্পর্শ কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। ঘটনায় ওই বিমানবালা আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাকে স্পর্শ করতে নিষেধ করেন। কিন্তু খন্দকার কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে হাসতে থাকেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সেদিন সকালে ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পরপরই কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন।

প্রতিবেদনে বলা হয়, প্রথম ঘটনায় গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেয়েছিলেন খন্দকার মোহাম্মদ ইয়ামিন। কিন্তু জামিনে থাকা অবস্থায় গত ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় একটি শক্ত পৃষ্ঠের ওপর এলিয়ে পড়ে অসংলগ্নভাবে কাঁদতে ও চিৎকার করতে দেখা যায় তাকে।

ডিপিপি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় খন্দকার মদ্যপ অবস্থায় রয়েছেন এবং তার নাক দিয়ে রক্ত পড়ছে। এ সময় প্যারামেডিক কর্মীরা তার রক্তচাপ পরীক্ষা করার চেষ্টা করলে তিনি অসহযোগিতা করেন এবং মাটিতে পড়ে পাগলের মতো হাত-পা ছুড়তে থাকেন।

ডিপিপি আরও জানান, পরবর্তীতে তাকে পুনরায় গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে সিগারেট চেয়ে না পাওয়ায় তিনি অত্যন্ত আক্রমণাত্মক আচরণ শুরু করেন এবং একপর্যায়ে তার পা চেপে ধরে রাখা এক পুলিশ সদস্যকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করেন। এই দুই পৃথক ঘটনার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এই কারাদণ্ড প্রদান করেন।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট