logo

যুক্তরাষ্ট্রে ইরানের সাবেক ভাইস প্রেসিডেন্টের আত্মীয়দের ভিসা বাতিল

যুক্তরাষ্ট্রে ইরানের সাবেক ভাইস প্রেসিডেন্টের আত্মীয়দের ভিসা বাতিল

ইরানের নারী ও পরিবার বিষয়ক সাবেক ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকারের বেশ কয়েকজন আত্মীয়ের ভিসা ও আবাসিক মর্যাদা (গ্রিন কার্ড) বাতিল করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 

মাসুমেহ এবতেকারের ছেলে ঈসা হাশেমি, তার স্ত্রী এবং সন্তানের মার্কিন ভিসা ও আবাসিক মর্যাদা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। এ বিষয়ে রুবিও বলেন, আমাদের দেশে তাদের বসবাসের অসাধারণ সুযোগ-সুবিধার অনুমতি দেওয়া কখনোই উচিত হয়নি।

তিনি জানান, মাসুমেহ এবতেকারের আত্মীয়রা বর্তমানে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) হেফাজতে রয়েছেন। তাদের স্বদেশে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে বেশ কয়েকজন ইরানি নারীর আবাসিক মর্যাদা ও ভিসা করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। ওই সময় রুবিও দাবি করেছিলেন, ওই নারীরা প্রয়াত ইরানি মেজর জেনারেল কাসেম সোলেইমানির আত্মীয়। 

তবে ইরানি গণমাধ্যম কাসেম সোলেইমানির মেয়ে জয়নাব সোলেইমানির বরাত দিয়ে জানিয়েছে, গ্রেপ্তার ওই দুই নারীর সঙ্গে প্রয়াত আইআরজিসির কুদস ফোর্স নেতার কোনো ধরনের সম্পর্ক নেই।