ইসরায়েলের হামলা/হামাসের নতুন সামরিক শাখার প্রধানকে হত্যার দাবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠ হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদেহকে হত্যার দাবি করেছে ইসরায়েল।
মঙ্গলবার (২৬ মে) পশ্চিম গাজা শহরের রিমাল মহল্লায় হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। এ সময় আরও তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (২৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই দাবি করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
এক্স পোস্টে তিনি লেখেন, গাজায় ‘সন্ত্রাসী’ গোষ্ঠী হামাসের সামরিক শাখার চতুর্থ কমান্ডারকে গতকাল হত্যা করে নরকের গভীরে তার সঙ্গীদের সঙ্গে দেখা করতে পাঠানো হয়েছে। আমরা ৭ অক্টোবরের (২০২৩ সালের হামাসের অভিযান) হত্যাকাণ্ডের নেতৃত্ব দেওয়া প্রত্যেককে হত্যার প্রতিজ্ঞা করেছিলাম। এবং সেটাই করব।
তিনি আরও বলেন, সবাইকে হত্যার জন্য চিহ্নিত করা হয়েছে। ওদেহকে হত্যার জন্য আইডিএফ ও শিন বেতের প্রশংসা করেন কাটজ।
এদিন আইডিএফ ও শিন বেতও ওদেহের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, কয়েক মাস ধরে তার ও তার সহযোগীদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারির পর গাজা শহরের বেশ কয়েকটি ভবন, যেগুলো তিনি গোপন আস্তানা হিসেবে ব্যবহার করতেন, সেগুলোতে হামলা চালানো হয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘অনেক ইসরায়েলি বেসামরিক নাগরিক ও আইডিএফ সৈন্যের হত্যা, অপহরণ ও আহত করার জন্য ওদেহ দায়ী ছিল’।
তবে এখন পর্যন্ত হামাসের পক্ষ থেকে ওদেহ নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করা হয়নি।
মোহাম্মদ ওদেহকে হত্যার মাত্র ১১ দিন আগে (১৫ মে) হামাসের সামরিক প্রধান ইজ্জ আদ-দিন আল-হাদ্দাদকে হত্যা করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়ার জামির তাকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার মূল পরিকল্পনাকারীদের অন্যতম একজন বলে দাবি করেন।
আল-হাদ্দাদ নিহত হওয়ার পর হামাসের সামরিক শাখার চতুর্থতম প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ মোহাম্মদ ওদেহ। ইসরায়েলি সেনাবাহিনী ওদেহকে হত্যা করা হামলাটির একটি ফুটেজও প্রকাশ করেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
