logo

যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহ ঢাকার পথে

যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহ ঢাকার পথে
নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উড়োজাহাজে তোলা হচ্ছে। ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে। তার মরদেহ নিয়ে স্থানীয় সময় (৭ মে) রাত ৮টা ৫০ মিনিটে এমিরাটসের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক এ তথ্য জানিয়েছেন ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আজ (৭ মে) বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। ফ্লোরিডার অরল‍্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৮টা ৫০ মিনিটে এমিরাটসের ইকে০২২০ ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। দুবাইয়ে ট্রানজিট।

দুবাই থেকে ইকে০৫৮২ ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে। অরল‍্যান্ডো বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডির দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজের দুই দিন পর থেকে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের নির্দেশনায় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট তদন্তকারী পুলিশ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বাংলাদেশ কমিউনিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে।

দূতাবাস যোগাযোগ রেখেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও এফবিআইয়ের সঙ্গে। মরদেহ দেশে পাঠানো থেকে শুরু করে পুরো প্রক্রিয়া দূতাবাস সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী বলে জানিয়েছে প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা।

এর আগে স্থানীয় সময় বুধবার বাদ জোহর টাম্পা বে এলাকায় বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, শিক্ষক ও বাংলাদেশি কমিউনিটির অনেকে জানাজায় অংশ নেন। মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধিও জানাজায় উপস্থিত ছিলেন। জানাজার পর বৃষ্টির মরদেহ টাম্পা ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তারও আগে ৪ মে আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়। প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, লিমন ও বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর সব ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার। ৪ মে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ লিমনের পরিবারের কাছে হস্তান্তর করেন।

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হন। পরদিন তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন।

পরে ২৪ এপ্রিল পুলিশ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। তার দুই দিন পর বৃষ্টির মরদেহের কিছু অংশ উদ্ধার করা হয় টাম্পর একটি জলাশয় থেকে। এ হত্যাকাণ্ডে জড়িত জড়িত সন্দেহে লিমনের রুমমেট যুক্তরাষ্ট্রের নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগে দুইটি মামলা করা হয়। স্থানীয় আদালতে তার তার বিচার প্রক্রিয়াধীন রয়েছে।