logo
Advertisement

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত আরও ৩ ফিলিস্তিনি

টিআরটি ওয়ার্ল্ড
টিআরটি ওয়ার্ল্ড
গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত আরও ৩ ফিলিস্তিনি
গাজায় বিধ্বস্ত স্থাপনায় আশ্রয় নেওয়া পরিবারের একটি শিশু। ছবি: এএফপি

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে একটি চিকিৎসাসূত্র।

Advertisement

রোববার মধ্য গাজার দেইর আল-বালাহর পশ্চিমে বেসামরিক লোকজনের একটি জমায়েত লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করলে তিন বছর বয়সী শিশু ও এক তরুণ নিহত হন। এ হামলায় আরও দুজন আহত হন।

এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-আমাল এলাকায় গত সপ্তাহে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে আহত ২১ বছর বয়সী এক ফিলিস্তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

চিকিৎসাসূত্রটি জানায়, খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমে আল-মাসলাখ এলাকায় ইসরায়েলি সামরিক যান থেকে চালানো গুলিতে এক বয়স্ক ফিলিস্তিনি নারীও আহত হয়েছেন।

এদিকে উত্তর গাজায় জাবালিয়া শরণার্থীশিবিরের পূর্বাঞ্চল এবং গাজা শহরের পূর্বে আল-তুফাহ এলাকায় ইসরায়েলি বাহিনী কয়েক দফা গোলাবর্ষণ করেছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

বুরেইজ শরণার্থীশিবিরের পূর্বদিকে আবাসিক বাড়িঘর লক্ষ্য করেও ইসরায়েলি সামরিক যান থেকে ব্যাপক গুলি ছোড়া হয়েছে বলে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এসব হামলা এমন সময়ে চালানো হলো, যখন গাজায় হামলা বন্ধ করতে ইসরায়েলকে এর আগে আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত ১৭ আগস্ট মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ইসরায়েলের গাজায় হামলা চালানো উচিত নয়। একই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সমর্থিত একটি শান্তি পরিকল্পনার আওতায় হামাস অস্ত্র ত্যাগে সম্মত হয়েছে।

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা জানানো হয়েছিল। তবে এরপরও ইসরায়েলের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

চিকিৎসাসূত্রের হিসাবে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১ হাজার ৩১৮ ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন। ধ্বংস হয়ে যাওয়া বিভিন্ন স্থাপনার ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো শত শত নিহত ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।