ইয়েমেনে হুতির হামলায় নিহত ৫৩, আহত দুই শতাধিক

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশে একটি নিরাপত্তা প্রশিক্ষণকেন্দ্রে হুতি বিদ্রোহীদের হামলায় ৫৩ জনের বেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ।
স্থানীয় সময় সোমবার (১৯ অক্টোবর) চালানো এ হামলার সময় ওই প্রশিক্ষণকেন্দ্রে নতুন নিয়োগপ্রাপ্ত অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলছিল বলে জানিয়েছে শাবওয়া প্রাদেশিক কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে প্রাদেশিক কর্তৃপক্ষ জানায়, এই ভয়াবহ ট্র্যাজেডির নিন্দা জানানোই যথেষ্ট নয়। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে জরুরি সামরিক ও নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বিবৃতিতে ইয়েমেনের সরকার ও সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি শাবওয়া প্রদেশের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।
তবে হামলার বিষয়ে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার-সমর্থিত বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেন সরকারের সমর্থনে রয়েছে।
২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা এবং দেশটির উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করে নেওয়ার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। দীর্ঘদিনের এ সংঘাতে দেশটিতে ব্যাপক প্রাণহানি ও মানবিক সংকট সৃষ্টি হয়েছে।
