logo

কলকাতায় বন্ধ করে দেয়া হল মমতার কার্যালয়, নতুন করে চাপের মুখে তৃণমূল

কলকাতায় বন্ধ করে দেয়া হল মমতার কার্যালয়, নতুন করে চাপের মুখে  তৃণমূল
ঝুঁকির কথা বলে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল ভবন বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

কলকাতার তোপসিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন (মমতা) তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সিল করে দিয়েছে পুলিশ। ভবনের সামনে বসানো হয়েছে ত্রিস্তরীয় লোহার ব্যারিকেড ও গার্ডরেল।

পুলিশ বলছে, ভবনটির নির্মাণকাজ এখনো চলমান থাকায় এটি ব্যবহারের অনুমতি পৌরসভা থেকে নেওয়া হয়নি। ফলে ভবনটিতে এখনই কোনো রাজনৈতিক সভা বা দলীয় কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না।

Advertisement

প্রশাসনের এই কড়া পদক্ষেপকে ‘ষড়যন্ত্র’ এবং রাজনৈতিক দমন-পীড়নের অংশ হিসেবে অভিহিত করেছে তৃণমূল কংগ্রেস। দলটির নেতাদের দাবি, আইনি মারপ্যাঁচে দলীয় কার্যক্রম আটকে দিয়ে কালীঘাট শিবিরকে কোণঠাসা করার চেষ্টা চলছে।

ভারতের সিইসির নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মমতার দল

ব্যারিকেড ও প্রবেশে কড়াকড়ি

৩৬জি, তোপসিয়া রোডের পুরনো তৃণমূল ভবনটি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুসারীরা। ভবনটির একটি অংশে ছয়তলা নতুন ভবন নির্মাণের কাজ চলছিল। সম্প্রতি সেখানে নিয়মিত দলীয় বৈঠক হচ্ছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এসব বৈঠকের ছবি ও প্রচারও চালানো হচ্ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি কলকাতা পুরসভার নজরে আসার পর আনন্দপুর থানায় অভিযোগ করা হয়। এর পর বৃহস্পতিবার মাঝরাত থেকে অভিযান শুরু করে পুলিশ এবং শুক্রবার রাতে ভবনটি সিল করে দিয়ে সামনের রাস্তায় গার্ডরেল বসিয়ে দেওয়া হয়। বর্তমানে দুজন নিরাপত্তারক্ষী ও নির্মাণশ্রমিক ছাড়া ভবনটিতে অন্য কারও প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেখানে নির্ধারিত একটি বৈঠকও এর ফলে আটকে গেছে।

মমতার তৃণমুল ছেড়ে এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

কালীঘাট শিবিরের বিড়ম্বনা ও পাল্টা দাবি

তৃণমূল কংগ্রেস কার্যক্রমের পরিধি বৃদ্ধির উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের মূল তপশিয়ার ভবনটি ভেঙে নতুন ভবন বানানোর উদ্যোগ নেয় তৃণমূল কংগ্রেস। এই সময়ের মধ্যে দল পরিচালনার জন্য মেট্রোপলিটনের নতুন কার্যালয় ভাড়া নেয় দলটি। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস তিন ভাগে বিভক্ত হয়ে যায়। এর মধ্যে বিধানসভার পরিষদয় দলের নিয়ন্ত্রণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের হাতে চলে গেলে মেট্রোপলিটনের কার্যালয়টির দখল নেয় তারা।

মেট্রোপলিটনের কার্যালয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর তোপসিয়ার এই পুরনো ও নির্মীয়মাণ ভবনই ছিল কালীঘাট শিবিরের নেতাদের ভরসা। ভবনটি বন্ধ হয়ে যাওয়ায় কলকাতায় সাংগঠনিক বৈঠক ও তৎপরতা চালানো নিয়ে নতুন চাপে পড়েছে দলটি।

পুলিশের অভিযানের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান কুণাল ঘোষসহ মমতা-তৃণমূলের একাধিক নেতা এবং পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

নতুন নাম, প্রতীক পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দোলা সেন বলেন- ‘রাতে পুলিশ প্রায় ভবনটি দখল করে নিচ্ছিল। ৩০ বছর ধরে ওই জায়গা আমাদের দলের সম্পত্তি এবং আমাদের কাছে সব বৈধ নথি রয়েছে। ষড়যন্ত্র করে ভবনটি সিল করে দেওয়া হয়েছে।’

পুরসভার বিধি বনাম চাপের রাজনীতি

কলকাতা পুলিশ সূত্রের দাবি, ছয়তলা নির্মীয়মাণ ভবনটিতে এখনো কমপ্লিশন সার্টিফিকেট (সিসি) দেওয়া হয়নি। পুরসভার নিয়ম অনুযায়ী, সিসি ছাড়া কোনো ভবন ব্যবহার করা যায় না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠকের ছবি ছড়িয়ে পড়ার পর পুরসভার অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই ব্যবস্থা নিয়েছে।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কমপ্লিশন সার্টিফিকেটের যুক্তি সামনে এলেও এই পদক্ষেপের ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল নতুন করে চাপে পড়ল—যা বিরোধীদের বিরুদ্ধে চাপ প্রয়োগ ও দমন-পীড়নের অভিযোগকেই আরও উসকে দিয়েছে।