logo

ফ্রান্সজুড়ে নতুন করে বিক্ষোভে লাখ লাখ মানুষের অংশগ্রহণ

এপি
এপি
ফ্রান্সজুড়ে নতুন করে বিক্ষোভে লাখ লাখ মানুষের অংশগ্রহণ
ফ্রান্সের প্যারিসে একটি বড় ধরনের বিক্ষোভ; সেখানে আন্দোলনকারীরা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক চাপের বিরুদ্ধে মিছিল করার জন্য সমবেত হয়েছেন। ছবি: নিউ ইয়র্ক টাইমস

ফ্রান্সজুড়ে শনিবার নতুন করে ব্যাপক বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ। ফরাসি দৈনিক লে মোঁদ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত শুধু রাজধানী প্যারিসেই বিক্ষোভে অংশ নেন প্রায় ৭০ হাজার মানুষ।

তবে শিক্ষার্থী ও যুব সংগঠনগুলোর দাবি, দেশজুড়ে বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৫ লাখ। এর মধ্যে শুধু প্যারিসেই অংশ নেন ২ লাখ মানুষ।

বিক্ষোভের কারণে দেশটির গণপরিবহন ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটে। প্যারিসের গণপরিবহন পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএটিপি তাদের ওয়েবসাইটে জানায়, শনিবার শহরের ৪০টিরও বেশি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়।

অধিকাংশ বিক্ষোভ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও কয়েকটি শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

লে মোঁদ-এর প্রতিবেদন অনুযায়ী, প্যারিসে অনুমোদিত বিক্ষোভের শেষ গন্তব্য পোর্ত দ্য শারঁতনের কাছে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।

গত ১৭ অক্টোবরের পর থেকে ফ্রান্সে এটি তৃতীয় দফার বড় ধরনের বিক্ষোভ। বিক্ষোভ চলাকালে দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েন করা হয়।

দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভের বিস্তার ও গণপরিবহন ব্যবস্থায় বিঘ্নের মধ্য দিয়ে শনিবারের কর্মসূচি শেষ হয়।