Advertisement

ভারতজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

এশিয়া পোস্ট ডেস্ক
ভারতজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির
ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সময় বেঁধে দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে ভারতজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শনিবার (৬ জুন) রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর এলাকায় বিক্ষোভের মঞ্চ থেকে এই ঘোষণা দেন তিনি।

অভিজিৎ দীপক বলেন, আজ বিকেল ৫টার মধ্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে ভারতজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

সিজেপির সমর্থকদের উদ্দেশে দীপক বলেন, বন্ধুরা, এটা একটা দীর্ঘ সংগ্রাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানোর পর এক মাস পেরিয়ে গেছে, কিন্তু এই ব্যক্তিরা এতটাই নির্লজ্জ যে, ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তারা আমাদের অ্যাকাউন্ট হ্যাক করা এবং পোস্ট মুছে ফেলার মতো অন্যান্য বিষয়ে মনোযোগ দিয়েছে।

তিনি বলেন, আপনারা হয়তো আমাদের পোস্ট মুছে ফেলতে পারবেন, কিন্তু এই জায়গা থেকে আমাদের মুছে ফেলতে পারবেন না। আরশোলারা ভয় পায় না। তারা মরেও না। তাই লড়াই চলবে। আমি এখানে এসেছি সেই সব ভাই-বোনদের জন্য, যারা এখনও স্কুলে পড়ে।

এর আগে, যুক্তরাষ্ট্র থেকে নিজের দেশ ভারতে এসে পৌঁছান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। দিল্লিতে অবতরণ করার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সমর্থকদের উদ্দেশ্যে পূর্ণ শৃঙ্খলা বজায় রাখার এবং আন্দোলন যেন সম্পূর্ণ অহিংস থাকে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘যন্তর মন্তরে আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আসার সময় সঙ্গে একটি করে বই এবং আমাদের জাতীয় পতাকা ‘তেরঙা’ আনতে একদম ভুলবেন না!’

একইসঙ্গে পুলিশের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘করুণা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে কর্তব্যরত পুলিশ সদস্যদের ফুল উপহার দিন। আমাদের এই আন্দোলনকে ভালোবাসা ও শান্তির মাধ্যমে সফল করতে হবে।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস