logo

বেস জাম্পিং দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিখ্যাত অ্যাথলেটের

বেস জাম্পিং দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিখ্যাত অ্যাথলেটের
জনপ্রিয় অ্যাথলেট অ্যান্ডি লুইস। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি দুর্গম ক্যানিয়নে বেস জাম্পিং করতে গিয়ে দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন হলেন চরম ঝুঁকিপূর্ণ কসরৎ দেখানো জনপ্রিয় অ্যাথলেট অ্যান্ডি লুইস। তিনি ২০১২ সালের সুপার বোল হাফটাইম শোতে পপ তারকা মেডোনার সঙ্গে মঞ্চে পারফর্ম করে বিশ্বজুড়ে পরিচিতি পান।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার মিনারেল বটম এলাকায় বেস জাম্পিংয়ের সময় দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। সেখানে ৪৩ বছর বয়সী অ্যান্ডি লুইস ও ৫০ বছর বয়সী আরেকজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। দ্বিতীয় ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

কে এই অ্যান্ডি লুইস?

অ্যান্ডি লুইস ছিলেন বেস জাম্পিং, স্ল্যাকলাইন এবং ট্রিকলাইন জগতের অন্যতম পরিচিত মুখ। বেস জাম্পিং এমন একটি ঝুঁকিপূর্ণ খেলা, যেখানে অংশগ্রহণকারীরা উঁচু ভবন, সেতু বা পাহাড়ের চূড়া থেকে লাফিয়ে প্যারাস্যুটের সাহায্যে নিচে নামেন।

সহকর্মী ও প্রশিক্ষক জন ম্যাকএভয় বলেন, লুইস ছিলেন অসাধারণ দক্ষ একজন অ্যাথলেট, তবে তিনি সবসময় অন্যদের চেয়ে বেশি ঝুঁকি নিতে পছন্দ করতেন।

তার ভাষায়, বহু বছরের অনুশীলনে তার অসাধারণ দক্ষতা তৈরি হয়েছিল। কিন্তু একই সঙ্গে তিনি অবিশ্বাস্য মাত্রার ঝুঁকি নিতেন।

ম্যাডোনার সঙ্গে মঞ্চে উঠে রাতারাতি খ্যাতি

২০১২ সালের সুপার বোল হাফটাইম শোতে ম্যাডোনার পেছনে রোমান পোশাক পরে স্ল্যাকলাইনের ওপর লাফিয়ে ও বিভিন্ন কসরত দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন লুইস। সেই পারফরম্যান্সের পরই তিনি রাতারাতি আন্তর্জাতিক তারকায় পরিণত হন।

পরে এক সাক্ষাৎকারে তিনি মজা করে বলেছিলেন, টানা তিন দিন আমার ফোন থামতেই চায়নি।

অত্যন্ত বিপজ্জনক খেলা

বেস জাম্পিংকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ চরম ক্রীড়াগুলোর একটি হিসেবে ধরা হয়। ওয়েবসাইট বেসঅ্যাডিক্ট ডটকমের তথ্য অনুযায়ী, ১৯৮১ সাল থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে অন্তত ৫৪০ জন বেস জাম্পার নিহত হয়েছেন। শুধু গত বছরই প্রাণ হারিয়েছেন ৩০ জন।

২০০৭ সালে নরওয়েতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, স্কাইডাইভিংয়ের তুলনায় বেস জাম্পিংয়ে গুরুতর আহত হওয়া বা মৃত্যুর ঝুঁকি পাঁচ থেকে আট গুণ বেশি।

অ্যান্ডি লুইস নিজেও এই খেলার প্রাণঘাতী ঝুঁকির বিষয়টি স্বীকার করতেন। গত বছর নির্মাতা এলা ওয়ারনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কত মানুষ মারা গেছে, এটা ভাবলে অদ্ভুত লাগে। কারণ আমাদের জন্য এটি যেন স্বাভাবিক একটি বিষয় হয়ে গেছে।

লুইস ছিলেন বেস জাম্প মোয়াবের মালিক। প্রতিষ্ঠানটি অনভিজ্ঞ গ্রাহকদের জন্য ট্যান্ডেম বেস জাম্পের ব্যবস্থা করত, যেখানে একজন অভিজ্ঞ গাইডের সঙ্গে একই প্যারাস্যুটে বেঁধে লাফ দেওয়া হয়।

তবে দুর্ঘটনার সময় লুইস ও অন্য ব্যক্তি ট্যান্ডেম জাম্প করছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

একাধিক বিশ্ব চ্যাম্পিয়ন

অ্যান্ডি লুইস ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা চারবার প্রতিযোগিতামূলক স্ল্যাকলাইনে বিশ্ব চ্যাম্পিয়ন হন। ২০১১ সালে চীনের দিয়াওশুইলো জলপ্রপাতের ওপর স্ল্যাকলাইন সার্ফিং করে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান।

এছাড়া ২০১৪ সালে তিনি যুক্তরাষ্ট্রের নেভাদা মরুভূমিতে প্রায় ৪ হাজার ফুট উচ্চতায় দুটি বেলুন ঝুলিয়ে রাখা স্ল্যাকলাইনের ওপর হেঁটে আরেকটি অবিশ্বাস্য কীর্তি গড়েছিলেন।

সূত্র: এপি