logo

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হয়ে এসেছে, দাবি ট্রাম্পের

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হয়ে এসেছে, দাবি ট্রাম্পের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সেনাপ্রধান যখন নতুন করে সংঘাত এড়াতে তেহরানে অবস্থান করছেন, ঠিক তখনই ট্রাম্প বিশ্ববাসীকে আগামী দুই দিনের মধ্যে এক ‘অবিশ্বাস্য’ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানালেন।

রোববার পাকিস্তানে অনুষ্ঠিত  ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। তবে মার্কিন ও ইরানি কর্মকর্তারা আবারও পাকিস্তানে পরবর্তী দফার বৈঠকে বসার সম্ভাবনা যাচাই করছেন। এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই এমন ইতিবাচক ইঙ্গিত দিলেন ট্রাম্প।

এবিসি নিউজের প্রতিবেদক জোনাথন কার্লের বরাত দিয়ে জানানো হয়, ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি আপনারা আগামী দুই দিনের মধ্যে অত্যন্ত চমৎকার কিছু দেখতে যাচ্ছেন।’ তিনি আরও বলেন, আগামী সপ্তাহে শেষ হতে যাওয়া দুই সপ্তাহের অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানোর প্রয়োজন পড়বে বলে তিনি মনে করেন না।

ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় এটি (ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ) শেষ হওয়ার খুব কাছাকাছি। আমি বিষয়টিকে এভাবেই দেখছি। দেখা যাক কী হয়, তবে আমার ধারণা তারা একটি চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী।"

পাকিস্তান, ইরান এবং উপসাগরীয় দেশগুলোর কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছেন, উভয়পক্ষ আগামী কয়েক দিনের মধ্যে পুনরায় ইসলামাবাদে আলোচনায় বসতে পারে।