মুর্শিদাবাদের বিজেপি নেতাকে ‘গায়েব’ করার হুমকি হুমায়ুন কবিরের

এশিয়া পোস্ট নিউজ, কলকাতা
মুর্শিদাবাদের বিজেপি নেতাকে ‘গায়েব’ করার হুমকি হুমায়ুন কবিরের
আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) কড়া হুঁশিয়ারি দিয়েছেন নওদার আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির।

Advertisement

শুক্রবার (২৬ জুন) বিকেলে মুর্শিদাবাদের রেজিনগরের কাশিপুরে আয়োজিত সভা থেকে আবারও বিতর্কিত মন্তব্য করেন তিনি।

হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্য ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। প্রকাশ্য জনসম্মুখে আপত্তিকর শব্দ ব্যবহার ও হুমকি দেওয়াকে অসৌজন্যমূলক আচরণ হিসেবেও কেউ কেউ তার সমালোচনা করছেন।

কাশিপুরের ওই সভায় হুমায়ুন কবির বিজেপির জেলা সভাপতিকে ‘গায়েব করে দেওয়া’ ও ‘স্যা**টা ভাঙা মার’ দেওয়ার হুমকি দেন। মুর্শিদাবাদে আস্ফালন কম করার হুঁশিয়ারিও দেন তিনি।

তিনি বলেন, ‘আমি যেদিন মুসলমানদের নিয়ে ময়দানে নেমে যাব, সেদিন এমন স্যা**টা ভাঙা মার শুরু করব যে, আপনাদের (বিজেপি) পতাকা বহন করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। মামলা? ওরকম বহুবার জেল খাটা আছে। বহরমপুর কেন্দ্রীয় জেলে ৪ হাজার ৭০০ জনের বেশি ধরে না। লাখ লাখ লোক নিয়ে মাঠে নামব, স্যা**টা ভাঙা মার দেব আর জেলে যাব।’

এদিন ভরতপুরের বিজেপি প্রার্থী অনামিকা ঘোষকেও কটাক্ষ করে কথা বলছে ছাড় দেননি হুমায়ুন কবির। তার দাবি, ভোটে পরাজিত হওয়ার পরও তিনি (অনামিকা ঘোষ) নিজেকে বিধায়ক (এমএলএ) বলে মনে করছেন।

বক্তব্যের এক পর্যায়ে আমজনতা উন্নয়ন পার্টির এই নেতা বলেন, ‘মাথা গরম হয়ে গেলে কে মুখ্যমন্ত্রী, কে এসপি, আমি বুঝব না।’ এ ছাড়াও ২০২৪ সালের একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সেসময় পুলিশকে তার কাছে ‘হাঁটু গেড়ে বসতে হয়েছেল’।

রেজিনগরের কাশিপুরে দেওয়া হুমায়ুন কবিরের এই বক্তব্যকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে।