logo

ইসরায়েলে জরুরি অবস্থা জারি, আকাশসীমা বন্ধসহ সব ফ্লাইট বাতিল

ইসরায়েলে জরুরি অবস্থা জারি, আকাশসীমা বন্ধসহ সব ফ্লাইট বাতিল

ইরানের ওপর হামলা শুরুর পর পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলজুড়ে তাৎক্ষণিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার পর সব ধরনের বেসামরিক উড়োজাহাজ চলাচল স্থগিত হয়েছে।

দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ মানুষকে বিমানবন্দরে না আসার অনুরোধ করা হচ্ছে। বর্তমানে বিদেশে অবস্থানরত যাত্রীদের বিমান চলাচল পুনরায় শুরুসংক্রান্ত হালনাগাদ তথ্য গণমাধ্যম ও সংশ্লিষ্ট এয়ারলাইনের মাধ্যমে জানার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিদেশে থাকা ইসরায়েলি নাগরিকদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নির্দেশনা ও পরামর্শ মেনে চলতে অনুরোধ করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হবে এবং ইসরায়েল থেকে ও ইসরায়েলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে। ফ্লাইট চালু হওয়ার অন্তত ২৪ ঘণ্টা আগে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের বিভিন্ন শহরে আকস্মিক হামলা চালায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে, যা শহরের বিভিন্ন প্রান্ত থেকেও দৃশ্যমান ছিল।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস দাবি করেছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে হামলার উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।