ইরানে নতুন করে মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধ

এশিয়া পোস্ট ডেস্ক
ইরানে নতুন করে মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধ
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে একটি কনটেইনার জাহাজে হামলার পর ইরানের বিরুদ্ধে নতুন দফায় বিমান হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। রোববার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এর ফলে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজ যেতে দেওয়া হবে না।

আইআরজিসি দাবি করেছে, কয়েকটি জাহাজ অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল এবং সতর্কবার্তা উপেক্ষা করেছিল। ফলে গুলি করে সতর্ক করা হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গুলিতে ক্ষতিগ্রস্ত জাহাজটির নাম এম/ভি জিএফএস গ্যালাক্সি। সাইপ্রাসের পতাকাবাহী এ কনটেইনার জাহাজটির ইঞ্জিন কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছেন।

গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার জেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারি থেকে চলমান যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলে ঘোষণা দেন। তবে তিনি কূটনৈতিক আলোচনার পথ এখনো খোলা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন।

ইরানের কার্যত অবরোধের কারণে বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে, যা বৈশ্বিক মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে পেট্রোলের মূল্যবৃদ্ধি আসন্ন কংগ্রেস নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয় হয়ে উঠেছে।