জ্বালানি তেলের দাম নিয়ে ইরানের হুঁশিয়ারি
ইরানের সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার বিশ্ববাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম হবে ২০০ ডলার। হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে হামলা করার পর তিনি এ হুঁশিয়ারি দেন।
বুধবার (১১ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে রয়টার্স ও আল-আরাবিয়া।
ইব্রাহিম জোলফাকারি বলেন, অবরুদ্ধ পারস্য উপসাগরে আরও তিনটি জাহাজ আক্রমণের শিকার হয়েছে। এবার বিশ্বকে প্রতি ব্যারেল তেল ২০০ ডলারে পৌঁছানোর জন্য প্রস্তুত থাকা উচিত।
বুধবারও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ছাড়া এ অঞ্চলের জ্বালানি সরবরাহ ব্যাহত করেছে।
এ বিষয়ে ইরানের সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে বলেন, প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলার হওয়ার জন্য প্রস্তুত থাকো। কারণ তেলের দাম আঞ্চলিক নিরাপত্তার ওপর নির্ভর করে। এ নিরাপত্তা ব্যবস্থাকে অস্থিতিশীল করেছে যুক্তরাষ্ট্র।
অপরদিকে তেহরানের একটি ব্যাংকের অফিসে হামলার পর জোলফাকারি বলেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে ব্যবসা করে এমন ব্যাংকগুলোতে হামলা করবে। তিনি মধ্যপ্রাচ্যের মানুষদের ব্যাংক থেকে ১,০০০ মিটার দূরে থাকতে বলেছেন।