আল-আকসা মসজিদে হাজার হাজার ফিলিস্তিনির তারাবি নামাজ আদায়

জেরুজালেমের আল-আকসা মসজিদে রমজানের প্রথম তারাবি নামাজ আদায় করেছেন হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি।
মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মসজিদ প্রাঙ্গণে সমবেত হয়ে তারা এ নামাজ আদায় করেন। ওই সময় ইসরায়েলি পুলিশ সদস্যরা পুরো মসজিদজুড়ে টহল দিচ্ছিল।
আনাদোলু এজেন্সি ও প্রত্যক্ষদর্শীদের মতে, মসজিদের আচ্ছাদিত প্রার্থনা কক্ষ এবং খোলা প্রাঙ্গণে মুসল্লিরা নামাজ আদায় করেন। আল-আকসা মসজিদের ধর্মপ্রচারক শেখ ইউসুফ আবু স্নেইনাহ এ নামাজের ইমামতি করেন।
অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি পুলিশ সদস্যরা মসজিদ প্রাঙ্গণের ভেতরে অবস্থান করছে এবং নামাজের সময় মুসল্লিদের মধ্যে চলাফেরা করছে।
এর আগে দিনের শুরুতে জেরুজালেম এবং ফিলিস্তিনি অঞ্চলের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেন জানান, বুধবার মুসলিমদের পবিত্র রমজান মাসের প্রথম দিন।