logo

জ্বালানি নিয়ে নাগরিকদের দুঃসংবাদ দিল ইরান

জ্বালানি নিয়ে নাগরিকদের দুঃসংবাদ দিল ইরান
আসন্ন শীতে জ্বালানি সংকটে পড়তে পারে ইরানের উত্তরাঞ্চল। ছবি: এনসিআরআই

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের জ্বালানি উৎপাদনের সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটিতে আসন্ন শীতকালে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দেওয়ায় নাগরিকদের সতর্ক করে বার্তা দিয়েছে ইরান কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরআইএনের প্রতিবেদনে বলা হয়, ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, দেশটির জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের হামলায় প্রায় ২৩ কোটি ঘনমিটার উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

শীত মৌসুম শুরুর আগে গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সক্ষমতার মধ্যে প্রায় ১০ কোটি ঘনমিটার পুনরুদ্ধারের চেষ্টা চলছে। সরকার দায়িত্ব নেওয়ার সময় থেকেই জ্বালানি সরবরাহে যে ভারসাম্যহীনতার মুখোমুখি হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সেই পরিস্থিতিকে আরও জটিল করেছে।

তবে এর আগেও কয়েকবার শীত ও গ্রীষ্মকালে জনগণের সহযোগিতায় সরকার পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছিল বলে দাবি করেন মোহাজেরানি।

এবার এর ফলে ইরানের উত্তরাঞ্চলে সমস্যা দেখা দিতে পারে বলে জানান তিনি। মোহাজেরানি বলেন, বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে বলা যায়, উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে সম্ভবত সমস্যার সৃষ্টি হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট গভর্নরদের সতর্ক করেছে। পাশাপাশি জনগণের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার সুপ্রিম এনার্জি কাউন্সিলের মাধ্যমে এমনভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে, যাতে শিল্পকারখানার কার্যক্রম সচল থাকে এবং একই সঙ্গে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয়। ‘বিদ্যুৎ বিভ্রাট ও অন্যান্য সমস্যা যথাসম্ভব কমিয়ে’ ইরান শীতকাল পার করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।