আরব আমিরাতে বিমান ও ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে অস্ট্রেলিয়া

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে পারস্য উপসাগরীয় অঞ্চলে বিমান ও ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে অস্ট্রেলিয়া। মূলত এই অঞ্চলের ১২টি দেশ ইরানের হামলার মুখে পড়ায় সেখানে সামরিক নজরদারির লক্ষ্যে এ রসদ পাঠাচ্ছে বলে জানিয়েছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম আলজাজিরা।
অস্ট্রেলীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, আরব আমিরাতের অনুরোধে সেখানে ‘ই-৭এ ওয়েজটেইল’ বিমান মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি আমিরাতকে উন্নতমানের মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দেবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া।
এ মোতায়েন কোনো আক্রমণাত্মক উদ্দেশ্যে নয়, বরং রক্ষণাত্মক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে করা হচ্ছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
তবে প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন অস্ট্রেলীয় গ্রিনস পার্টির নেত্রী ল্যারিসা ওয়াটার্স। তিনি বলেছেন, অস্ত্র পাঠানোর পরিবর্তে অস্ট্রেলিয়ার উচিত শান্তির আহ্বান জানানো।
এক বিবৃতিতে ওয়াটার্স সতর্ক করে বলেছেন, অস্ট্রেলীয়রা এমন একটি যুদ্ধে জড়াতে চায় না যেটিকে তিনি ইরানবিরোধী ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন।
সিনেটর ওয়াটার্স বলেন, অস্ট্রেলীয়রা ট্রাম্প এবং নেতানিয়াহুর ইরানের বিরুদ্ধে এই অবৈধ যুদ্ধে নিজেদের যুক্ত করতে চায় না।
তিনি আরও বলেন, লেবার পার্টির এমন একটি সামরিক বাহিনীকে সাহায্য করার জন্য সৈন্য পাঠানো উচিত নয় যারা একটি প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলা চালিয়ে ১৫০ জন স্কুলছাত্রকে হত্যা করেছে। এটি কেবল একটি অবৈধ যুদ্ধকে আরও উসকে দেবে। ইতোমধ্যেই এ যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রধানমন্ত্রীর এ পদক্ষেপ অস্ট্রেলিয়াকে একটি ‘শেষহীন যুদ্ধে’ আটকে ফেলবে।