বহিষ্কার সত্ত্বেও ইরানি রাষ্ট্রদূতের লেবানন ছাড়তে অস্বীকৃতি

লেবানন সরকারের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হতে চললেও দেশ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানি। লেবানিজ পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে অবাঞ্ছিত (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করে রোববারের (২৯ মার্চ) মধ্যে বৈরুত ত্যাগের নির্দেশ দিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের দূত এখনই লেবানন ছাড়ছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি এবং হিজবুল্লাহর ইচ্ছা অনুযায়ী রাষ্ট্রদূত লেবানন ছাড়বেন না।
ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানিকে বহিষ্কারের আদেশের প্রতিবাদে হিজবুল্লাহ এবং নাবিহ বেরির আমাল পার্টি এই সপ্তাহে মন্ত্রিসভার বৈঠক বর্জন করেছে। হিজবুল্লাহ এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে।
গত ২ মার্চ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর লেবানিজ কর্তৃপক্ষের নেওয়া নজিরবিহীন পদক্ষেপের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানের দূতকে দেশ ছাড়ার জন্য রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল।
মন্ত্রণালয় তার বিরুদ্ধে লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তুলেছে।