logo

ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জাতিসংঘের

ইরানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জাতিসংঘের

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এবার গুরুতর অভিযোগ তুলেছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএএএ)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আইএএএ এক গোপন প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ মাত্রায় সমৃদ্ধ কিছু ইউরেনিয়াম ইস্ফাহানে অবস্থিত একটি ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় সংরক্ষণ করা হয়েছে। এদিন সদস্য দেশগুলোর কাছে পাঠানো ওই প্রতিবেদনটি রয়টার্স দেখেছে বলে জানিয়েছে।

প্রথমবারের মতো নির্দিষ্ট করে সংস্থাটি বলেছে, ৬০ শতাংশ পর্যন্ত বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় মজুত রয়েছে। এই মাত্রা অস্ত্রের গ্রেড ৯০ শতাংশের খুব কাছাকাছি।

তবে জাতিসংঘের এই দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসলামী প্রজাতন্ত্র ইরান। এমনকি যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েলও প্রতিক্রিয়া জানায়নি।

কূটনৈতিক সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, গত বছরের জুনে মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলায় পারমাণবিক স্থাপনার টানেল প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে মূল স্থাপনাটি বড় ধরনের ক্ষতি ছাড়াই অক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান নিয়ে এই প্রকাশ্য তথ্য আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে এই তথ্য আরও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে।