logo

কেন মিঠুন চক্রবর্তীর ভূয়সী প্রশংসা করলেন শুভেন্দু

কেন মিঠুন চক্রবর্তীর ভূয়সী প্রশংসা করলেন শুভেন্দু
ছবি: ভিডিও থেকে নেওয়া

শারীরিক অসুস্থতা নিয়েও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে টানা প্রচারণা চালিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সেই মিঠুনের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও নির্বাচনে ভূমিকার জন্য ধন্যবাদ জানাতে মিঠুনের বাড়িতে হাজির হয়েছেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী।

শনিবার (১৬ মে) নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে তার সঙ্গে দেখা করতে যান শুভেন্দু। সৌজন্য সাক্ষাৎ শেষে বিজেপিতে মিঠুনের ভূমিকা নিয়ে ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু বলেন, ‘মিঠুনদা বলেছিলেন দেখা করতে চান। আমি বলেছিলাম আপনি না, আমি আসব। বাংলার হৃতগৌরব ফিরিয়ে আনার জন্য, এখানকার রাষ্ট্রবাদীদের বাঁচানোর জন্য, এখানকার মা-বোনদের সুরক্ষিত করার জন্য তিনি নিরলস চেষ্টা করেছেন। পরিশ্রমের কোনো সীমা ছিল না।’

মিঠুনের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, এই ভোটেও যদি সর্বোচ্চ র‌্যালি, সভা, রোড শো করেছেন। এমনকি নির্বাচনের আগে ৮ থেকে ১০ মাস ধরে ইন্ডোর মিটিং করেছেন। মিঠুনদাকে কোনো সাংগঠনিক পদ দিলেও নেন না। কিন্তু তিনি মাইক্রো লেভেলে কাজ করেছেন এক বছর ধরে। আজ আমি জনগণের আর্শীবাদে মুখ্যমন্ত্রী হয়েছি। কিন্তু নেপথ্যে কারিগরদের মধ্যে অত্যন্ত অগ্রাধিকারের ভিত্তিতে যে কটা নাম আসে তার মধ্যে মিঠুন চক্রবর্তীর নাম অন্যতম। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা পাল্টা জবাব দেন জনপ্রিয় অভিনেতা মিঠুন। তিনি বলেন, ‘আমি গ্যারান্টি দিয়ে বলছি শুভেন্দুর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারেন না। যে মুহূর্তে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কাজ করছেন। আমরা আশীর্বাদধন্য ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে। আগামীতে একের পর এক লড়াই লড়বে এই যোদ্ধা। আর আমি তো রইলাম পেছনে।’