logo

ইরানে পারমাণবিক কেন্দ্র ঘিরে আতঙ্ক, রুশ কর্মীদের সরে যেতে পুতিনের নির্দেশ

ইরানে পারমাণবিক কেন্দ্র ঘিরে আতঙ্ক, রুশ কর্মীদের সরে যেতে পুতিনের নির্দেশ

ইরানের পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দেওয়ায় সেখানে কর্মরত রুশ নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যুক্তরাজ্যের মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে রুশ নাগরিকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিদ্যুৎকেন্দ্রে নতুন দুটি রিঅ্যাক্টর নির্মাণে শতাধিক রুশ প্রকৌশলী ও নির্মাণকর্মী কাজ করছিলেন। তবে কেন্দ্রটির আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর নিরাপত্তাজনিত কারণে নির্মাণকাজ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ জানান, শিগগিরই দ্বিতীয় দফায় আরও রুশ নাগরিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে কর্মীদের পরিবারের সদস্যসহ কিছু কর্মীকেও সরিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটিতে চালু থাকা রিঅ্যাক্টরে প্রায় ৭২ টন পারমাণবিক জ্বালানি রয়েছে। পাশাপাশি সেখানে প্রায় ২১০ টন ব্যবহৃত জ্বালানিও সংরক্ষিত আছে, যা বিপুল পরিমাণ দাহ্য পদার্থ হিসেবে বিবেচিত।

এমন পরিস্থিতিতে পারমাণবিক স্থাপনার কয়েক মাইল দূরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ায় কর্মীদের সেখানে থাকা নিরাপদ নয় বলে উল্লেখ করেন তিনি।

তবে সব কর্মীকে সরিয়ে নেওয়া হবে না। কিছু রুশ কর্মীকে সেখানে থাকতে হতে পারে, কারণ বিদ্যুৎকেন্দ্রের কিছু যন্ত্রপাতি পরিচালনা ও এমন কিছু কাজ রয়েছে যা সম্পূর্ণ বন্ধ করা সম্ভব নয়।

লিখাচেভ বলেন, প্রেসিডেন্ট পুতিন বুশেহর পারমাণবিক কেন্দ্রের রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি ব্যক্তিগতভাবে দেখভাল করছেন।

তিনি আরও জানান, কেন্দ্রটির আশপাশের পরিস্থিতি এখন জটিল হলেও বিদ্যুৎকেন্দ্র বা নির্মাণাধীন স্থাপনায় সরাসরি কোনো হামলার ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।

বর্তমানে ওই স্থাপনায় প্রায় ৬৩৯ রুশ নাগরিক অবস্থান করছেন। তবে তাদের সন্তানদের ইতোমধ্যে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

লিখাচেভ সতর্ক করে বলেন, পারমাণবিক স্থাপনাটি চালু অবস্থায় রয়েছে এবং এতে বিপুল পরিমাণ জ্বালানি মজুত আছে। ফলে সেখানে কোনো হামলা হলে তা আঞ্চলিক পর্যায়ে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

তিনি বলেন, সংঘাতে জড়িত সব পক্ষেরই এ বিষয়টি বোঝা জরুরি। কারণ এমন কোনো হামলা পুরো অঞ্চলের জন্যই বিপর্যয় ডেকে আনতে পারে।

রাজধানী তেহরান থেকে প্রায় ৭৪৫ মাইল দক্ষিণে অবস্থিত বুশেহর ইরানের একমাত্র বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এটি দেশটির বিতর্কিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো থেকে আলাদা।