আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে ভারত

বঙ্গোপসাগরে নিজেদের জলসীমায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে ভারত। এ জন্য ওড়িশা উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে শুরু করে প্রায় ৩ হাজার ৫৬০ কিলোমিটার দীর্ঘ করিডোরজুড়ে নোটাম (নোটিস টু এয়ারমেন) জারি করেছে দেশটি। গত ৬ মে থেকে শুরু হয়ে ৯ মে পর্যন্ত নোটাম জারি করে আকাশসীমা সীমিত করা হয়েছে।
ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) চেয়ারম্যান সমীর ভি কামাথ কয়েক দিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, নয়াদিল্লি প্রথম ১০ হাজার কিলোমিটারের বেশি রেঞ্জের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা করতে যাচ্ছে। এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটির নাম দেওয়া হয়েছে ‘অগ্নি-৬’। পারমাণবিক ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করার জন্য প্রস্তুত এবং সরকারের ‘গ্রিন সিগন্যালে’র অপেক্ষায় রয়েছে।
ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা সম্পন্ন হলে ভারতের সামরিক সক্ষমতা বহু গুণ বৃদ্ধি পাবে। প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি হতে পারে। এই আশঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে গত বুধবার দেশটির ক্ষমতাসীন দল বিজেপি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টের পর থেকে।
এতে বলা হয়, ‘অগ্নি-৬: পরাশক্তি হওয়ার পথে ভারতের অগ্রযাত্রা! ১০ হাজারের বেশি কিলোমিটার পাল্লা ও এমআইআরভি প্রযুক্তি নিয়ে অগ্নি-৬ ইতিহাস গড়তে প্রস্তুত। এই ক্ষেপণাস্ত্র ভারতের নিরাপত্তাকে অভেদ্য করে তুলবে এবং আমাদেরকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর কাতারে স্থান দেবে। শক্তিশালী ভারত, সুরক্ষিত ভারত!’
বিজেপি একটি ভিডিও আপলোড করেছে। তাতে দলটি ব্যাখ্যা করেছে যে, এখন পর্যন্ত কেবল ‘পাঁচটি দেশের কাছেই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতা রয়েছে: আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেন। এখন ভারতও এই একই সারিতে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে চলেছে। অগ্নি-৬ হলো ভারতের পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র... দূরপাল্লার আঘাত হানার ক্ষমতার ফলে ভারতের প্রভাব কেবল আঞ্চলিকই নয়, বরং আরও বেশি বৈশ্বিক হতে চলেছে।’
অগ্নি-৬ ক্ষেপণাস্ত্রে এমআইআরভি প্রযুক্তি থাকার কথা রয়েছে। এর ফলে একটি ক্ষেপণাস্ত্র থেকেই একাধিক পারমাণবিক ওয়ারহেড ছোড়া যাবে এবং সেগুলো আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে। এতে ক্ষেপণাস্ত্রটির আক্রমণ ক্ষমতা ও প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার সক্ষমতা অনেক বেড়ে যাবে। পাশাপাশি, ভারত সম্প্রতি একটি লং রেঞ্জ অ্যান্টি-শিপ হাইপারসনিক মিসাইলেরও (এলআর-এএসএইচএম) পরীক্ষা চালিয়েছে, যার পাল্লা ১ হাজার ৫০০ কিলোমিটারের বেশি এবং সর্বোচ্চ গতি ম্যাক ১০ বলে জানা গেছে।
২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধের বার্ষিকী উদযাপনের সময় এই আইসিবিএম পরীক্ষার খবরটি সামনে এলো। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ‘অপারেশন সিঁদুর’-এর বার্ষিকীর সঙ্গে এই পরীক্ষার সময় মিলিয়ে পাকিস্তান ও চীন উভয়কেই একটি জোরালো কৌশলগত বার্তা দেওয়ার উদ্দেশ্য রয়েছে।
সূত্র: ইকোনোমিক টাইমস, টাইমস অব ইন্ডিয়া