logo

জ্বালানির দাম কমাতে হামলা স্থগিতের কৌশল ট্রাম্পের: ইরান

জ্বালানির দাম কমাতে হামলা স্থগিতের কৌশল ট্রাম্পের: ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো ধরনের আলোচনা বা সংলাপ চলছে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। ট্রাম্প মূলত জ্বালানির দাম কমাতে এই কৌশল নিয়েছেন বলে দাবি করেছে ইরান।

সোমবার (২৩ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়েছে। 

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে জানিয়েছে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের মূল উদ্দেশ্য বিশ্ববাজারে জ্বালানির দাম কমানো এবং তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়ক্ষেপণের কৌশল।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে যোগ করেছে, উত্তেজনা কমাতে আঞ্চলিক দেশগুলোর পক্ষ থেকে কিছু ‘উদ্যোগ’ নেওয়া হয়েছে। তবে দেশগুলোর উচিত নিজেদের উদ্বেগ নিয়ে সরাসরি ওয়াশিংটনের সঙ্গে কথা। কারণ তারাই ‘এই যুদ্ধের সূচনাকারী’।

এর আগে ট্রাম্পের করা আলোচনার দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছে ইরান। বার্তা সংস্থা ফার্স নিউজ একটি অজ্ঞাত সূত্রের বরাতে বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সরাসরি বা মধ্যস্থতাকারীর মাধ্যমেও কোনো যোগাযোগ হয়নি। তাদের দাবি, ইরান তাদের বিদ্যুৎকেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালানোর হুমকি দেওয়ার পর ট্রাম্প ‘পিছু হটেছেন’।

আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত ইরানি দূতাবাস এক প্রতিক্রিয়ায় জানিয়েছে, ইরানের ‘কঠোর সতর্কবার্তার’ কারণেই ট্রাম্প আক্রমণ থেকে বিরত থেকেছেন।