logo

গরুর গায়ে হাত বুলালে উচ্চ রক্তচাপ কমে: বিজেপি মন্ত্রী

গরুর গায়ে হাত বুলালে উচ্চ রক্তচাপ কমে: বিজেপি মন্ত্রী
ছবি: সংগৃহীত

ভারতীয় গরুর গায়ে হাত বুলালে মানুষের উচ্চ রক্তচাপ কমে যেতে পারে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। অবশ্য এই মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

মঙ্গলবার (১৯ মে) উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে চা-চক্রে অংশ নেন পঞ্চায়েত, প্রাণিসম্পদ ও কৃষি বিপণন দপ্তরের এই মন্ত্রী।

সেখানে গরুর উপকারিতা নিয়ে বিজেপির এই মন্ত্রী বলেন, গরুকে আদর করলে ব্লাড প্রেশার কমে যেতে পারে। গরুর গলকম্বল বা পিঠের কুঁজে হাত বোলালে রক্তচাপ দ্রুত নেমে আসে।

দিলীপ আরও জানান, গোবরেও রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে। নিজের এক আত্মীয়ের উদাহরণ টেনে তিনি বলেন, শরীরের ফোলা অংশে গরুর গোবর লাগানোর পর অসুখ কমে গিয়েছিল।

দুগ্ধ শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী থেকে গোশালার মালিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তার আগে গরুর গুণাগুণ জানান বিজেপির এই মন্ত্রী।

২০১৯ সালে বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ওই বছর বর্ধমানের একটি জনসভায় জানিয়েছিলেন, গরুর দুধে স্বর্ণ আছে।

তিনি দাবি করেন, দেশি গরুর কুঁজে এক ধরনের স্বর্ণনাড়ি থাকে, যার সাহায্যে সূর্যের আলো থেকে গরু স্বর্ণ তৈরি করতে পারে। তাই দেশি গরুর দুধে স্বর্ণের মতো উপাদান বা হলুদ আভা থাকে।

করোনাকালে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে গোমূত্রের জুড়ি মেলা ভার বলেছিলেন দিলীপ। তা নিয়ে ব্যাপক আলোচনা হয়, বিতর্কও বাধে।

পাল্টা দিলীপের খোঁচা ছিল, আমি গরুর কথা বললেই অনেকে অস্বস্তিবোধ করেন। আসলে গাধারা কখনও গরুর মর্ম বুঝবে না।

সূত্র: আনন্দবাজার