লেবাননে কিউআর যুক্ত লিফলেট ছিটাচ্ছে ইসরায়েল, স্ক্যান না করতে সতর্কতা

লেবাননের রাজধানী বৈরুতে রহস্যময় লিফলেট ছিটিয়ে দিচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই লিফলেটে থাকা কিউআর কোড স্ক্যান করলে ব্যক্তিগত তথ্য চুরি ও আইনি জটিলতায় পড়ার আশঙ্কা প্রকাশ করে দেশবাসীকে সতর্ক করেছে লেবাননের সেনাবাহিনী।
শুক্রবার (১৩ মার্চ) রাষ্ট্রীয় বার্তাসংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
লেবানন সেনাবাহিনী জানিয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলে চলমান ইসরায়েলি হামলার মধ্যেই ইসরায়েলি বিমান বৈরুতের ওপর কাগজের লিফলেট ফেলছে।
লেবানন সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যানুযায়ী, এই লিফলেটগুলোর মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীর বিশেষ ইউনিট ‘ইউনিট ৫০৪’ নতুন তথ্যদাতা বা গুপ্তচর নিয়োগের চেষ্টা চালাচ্ছে। লিফলেটে দেওয়া কিউআর কোডগুলো সরাসরি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের এমন কিছু লিংকের সঙ্গে যুক্ত, যার মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব।
সেনাবাহিনী তাদের বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, এই কোডগুলো স্ক্যান করা মাত্রই ব্যবহারকারীর মোবাইল ফোনের নিয়ন্ত্রণ চলে যেতে পারে হ্যাকারদের হাতে। এতে করে ব্যক্তিগত ছবি, মেসেজ এবং অন্যান্য গোপনীয় তথ্য চুরি হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে।
এছাড়াও, শত্রুপক্ষের সঙ্গে কোনো ধরনের ডিজিটাল যোগাযোগ স্থাপন লেবাননের আইনে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
বৈরুতসহ বিভিন্ন আক্রান্ত অঞ্চলের বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা রাস্তায় পড়ে থাকা এই ধরনের কোনো সন্দেহজনক লিফলেট স্পর্শ না করেন এবং কোনো অবস্থাতেই স্মার্টফোনের মাধ্যমে ওই কোডগুলো ওপেন না করেন।