logo
Advertisement

৩ সেপ্টেম্বর থেকে হুতি হামলায় ১৫০ বেসামরিক নিহত: ইয়েমেন সরকার

আনাদোলু এজেন্সি
আনাদোলু এজেন্সি
৩ সেপ্টেম্বর থেকে হুতি হামলায় ১৫০ বেসামরিক নিহত: ইয়েমেন সরকার
গত ৩ সেপ্টেম্বর থেকে হুতি বিদ্রোহীদের হামলায় ১৫০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২০০-এর বেশি মানুষ আহত হয়েছেন বলে জানায় ইয়েমেনে সরকার। ছবি: আনাদোলু এজেন্সি

ইয়েমেনে গত ৩ সেপ্টেম্বর থেকে হুতি বিদ্রোহীদের হামলায় ১৫০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২০০-এর বেশি মানুষ আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সরকার।

রোববার রাতে সরকারি বার্তা সংস্থা সাবায় প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইয়েমেনের মানবাধিকার মন্ত্রণালয়। বিবৃতিতে তায়িজ, আল-হুদায়দাহ ও মারিব প্রদেশে হুতিদের সাম্প্রতিক সামরিক তৎপরতা ও ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, হুতিদের হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার, বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে গোলাবর্ষণ এবং জনবসতি, বাস্তুচ্যুতদের শিবির ও সংঘাতপূর্ণ এলাকা থেকে পালিয়ে যাওয়া বেসামরিকদের বহরে হামলা চালানো হয়েছে।

হামলার কারণে প্রায় ৮৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়। ধ্বংস হয়েছে বহু স্থাপনা ও ঘরবাড়ি; অনেক পরিবার হারিয়েছে তাদের বসতবাড়ি, জীবিকা ও প্রয়োজনীয় মৌলিক সুবিধা।

মন্ত্রণালয়ের তথ্যমতে, সাম্প্রতিক সহিংসতার কারণে প্রায় ২ হাজার মানুষ ইয়েমেন ছেড়ে জিবুতিতে আশ্রয় নিয়েছেন। এর মধ্য দিয়ে সংঘাতের মানবিক প্রভাব ইয়েমেনের সীমানার বাইরেও ছড়িয়ে পড়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।

বিবৃতিতে বেসামরিকদের ওপর হামলা বন্ধে জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে বাস্তুচ্যুত মানুষ, শিবির, বেসামরিকদের সরিয়ে নেওয়ার বহর ও চিকিৎসা স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে ইয়েমেন সরকার। অপহৃত ও বেআইনিভাবে আটক ব্যক্তিদের মুক্তি এবং নিখোঁজদের বিষয়ে তথ্য প্রকাশেরও আহ্বান জানানো হয়েছে।

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকার মানচিত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। হুতিরা পশ্চিম উপকূলের কয়েকটি জেলা এবং লোহিত সাগরের কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। এর মধ্যে বাব আল-মান্দাব প্রণালির গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপও রয়েছে, যা পেরিম দ্বীপ নামেও পরিচিত।

অন্যদিকে সৌদি আরব সীমান্তবর্তী আল-জাওফ প্রদেশে অগ্রগতির দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। তারা জানিয়েছে, প্রাদেশিক রাজধানী আল-হাজমের দিকে তারা অগ্রসর হচ্ছে।

সরকারি বাহিনী আরও জানিয়েছে, তারা মারিবে হুতিদের একটি বড় ধরনের হামলা প্রতিহত করেছে। পাশাপাশি মোকা ও এর আশপাশের এলাকা এবং তায়িজ, লাহিজ ও আল-দালি প্রদেশের বিভিন্ন স্থানে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় সামরিক যান ও অস্ত্র ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।

বছরের পর বছর তুলনামূলক শান্ত থাকার পর ২০২৬ সালের জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সংঘাত আবারও তীব্র হয়েছে।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধের সূত্রপাত ২০১৪ সালের সেপ্টেম্বরে, যখন হুতিরা রাজধানী সানা ও দেশটির বেশ কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের মার্চে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন আরব জোট সামরিক হস্তক্ষেপ করে।