শ্রীলঙ্কায় কারাগারে বন্দি ও রক্ষীদের সংঘর্ষে নিহত ২৫

এশিয়া পোস্ট ডেস্ক
শ্রীলঙ্কায় কারাগারে বন্দি ও রক্ষীদের সংঘর্ষে নিহত ২৫
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় একটি কারাগারে বন্দি ও রক্ষীদের মধ্যে টানা দুই দিন ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন কারারক্ষী এবং ২০ জন বন্দি রয়েছেন। লঙ্কান সংবাদমাধ্যম আদা দেরানার বরাতে সোমবার (৬ জুলাই) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় ১০০ জন আহত হয়েছেন। দ্বীপরাষ্ট্রটির পশ্চিম উপকূলে অবস্থিত নেগোম্বো কারাগারে এ হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বন্দি ও কারা কর্মকর্তাদের লক্ষ্য করে সরাসরি গুলি চালায়। পরে কারাগারের ভেতরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সরকারের পক্ষ থেকে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

কারাগার সূত্র জানিয়েছে, মূলত বন্দি এবং কর্মকর্তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও কথা-কাটাকাটির জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (৫ জুলাই) এই কারাগারে বিচারাধীন আটক বন্দি এবং সাজাপ্রাপ্ত কয়েদিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ওই সময় দুইজন বন্দি নিহত এবং আরও ৩৮ জন আহত হন।

বর্তমানে ২ হাজার ৪১৭ জন কয়েদি থাকা এই নেগোম্বো কারাগারে অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঠিক কী কারণে এই ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হয়েছিল, তা খতিয়ে দেখতে কারা কর্তৃপক্ষ ইতোমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।