থাইল্যান্ডে অ্যালকোহল বিক্রিতে কড়া বিধিনিষেধ

পর্যটননির্ভর দেশ থাইল্যান্ডে মদসহ অ্যালকোহলজাতীয় পানীয় পান ও বিক্রির ওপর ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। থাইল্যান্ডের সরকারি সংবাদমাধ্যম রয়্যাল গেজেটের বরাতে দেশটির বিভিন্ন গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
এতে বলা হয়, আটটি নতুন স্থানের নাম ঘোষণা করা হয়েছে, যেখানে অ্যালকোহল বিক্রি ও পান করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
গত ১২ মে থেকে এ বিধিনিষেধ কার্যকর হয়েছে। বিভিন্ন গণপরিবহন, রাস্তাঘাট, সাধারণ পরিবহন, রেলস্টেশন, টার্মিনাল ও যাত্রীবাহী নৌকায় অ্যালকোহল পান ও বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ ছাড়া সরকারি এজেন্সি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সরকার নিয়ন্ত্রিত পাবলিক পার্কেও এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে অ্যালকোহলিক বেভারেজ কন্ট্রোল কমিটি।
এ নিষেধাজ্ঞা মদ উৎপাদন কারখানা ব্যতিত দেশটির সব কলকারখানার ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে কমিটি। যারা এ আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে পর্যটক উন্নয়ন ও অর্থনীতির দোহাই দিয়ে পাবলিক পার্কে মদ বিক্রির অনুমোদনের দাবি জানায় অ্যালকোহল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। এ নিয়ে থাইল্যান্ডের নাগরিক সমাজের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
তারা এর বিরোধিতা করে বলেন, এর মাধ্যমে জনসাধারণের জন্য উন্মুক্ত বিনোদনের জায়গাগুলোকে মদপানের জায়গা রূপান্তরের চেষ্টা চালানো হচ্ছে।
বিশেষ করে দেশটির চিয়াং মাই ও র্যানং প্রদেশের এ নিয়ে ব্যাপক সোচ্চার হন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ব্যাপারে সরকারের কাছে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন তারা।
