ইরানের নেতৃত্বে ট্রাম্পের পছন্দের তালিকায় ৩ নাম

মার্কিন-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষস্থানীয় প্রায় অর্ধশত নেতা নিহত হয়েছেন। নেতাদের মৃত্যুর পর দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রধান করে তিন সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। তারা আগামী দু-এক দিনের মধ্যে নেতৃত্বের শূন্যস্থানগুলো পূরণ করবেন বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ।
এখন প্রশ্ন, খামেনির মৃত্যুর পর এই মুহূর্তে ইরানের নেতৃত্ব কে দেবেন? এই নেতৃত্ব জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি সংক্ষিপ্ত তালিকা আছে বলে জানিয়েছেন তিনি নিজেই। তার ‘পছন্দের’ তালিকায় আছে তিন নাম।
রোববার (১ মার্চ) দ্য নিউ ইয়র্ক টাইমসকে ট্রাম্প বলেছেন, ইরানের নেতৃত্ব কে দিতে পারে তার জন্য ‘তিনটি খুব ভালো পছন্দের’ নাম আছে তার কাছে। তবে তিনি তাদের নাম উল্লেখ করেননি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি এখন তাদের নাম প্রকাশ করব না। আগে কাজটি সেরে নেওয়া যাক।
খামেনির হত্যার পর নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ার রূপরেখা তুলে ধরে রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘছি জানান, সংবিধান অনুযায়ী প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রানজিশন কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছে। এই কাউন্সিল প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন আইনবিদকে নিয়ে গঠিত হয়েছে।
তিনি বলেন, তিনজনের এই দলটি নতুন নেতা নির্বাচিত হওয়ার আগে নেতৃত্বের দায়িত্বে থাকবে, তারপর বিশেষজ্ঞ পরিষদ কর্তৃক নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। আমার ধারণা, এতে খুব অল্প সময় লাগবে। হয়তো এক বা দুই দিনের মধ্যে তারা দেশের জন্য একজন নতুন নেতা নির্বাচন করবে।
তেহরানের ধর্মীয় শাসন উৎখাতের যুদ্ধে শনিবার যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানে ৩৬ বছর ধরে নেতৃত্ব দেওয়া সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এ ছাড়া নিহত হয়েছেন ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল দাবি করেন, ইরানে হামলায় দেশটি শীর্ষ পর্যায়ের ৪৮ জন নেতা নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের গতকাল প্রকাশিত খবর অনুযায়ী, হামলায় খামেনি ছাড়াও তার মেয়ে, জামাতা ও নাতি নিহত হয়েছেন।
ইরানের নিহত শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে রয়েছেন খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আবদুল রহিম মৌসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মোহাম্মদ পাকপুর ও প্রমুখ।