ইরান চুক্তির পরও লেবানন-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত

ভার্চুয়ালি যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে আনুষ্ঠানিকভাবে সই করেছেন দুদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান। তবে চুক্তি সইয়ের পরও লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন ও বোমা হামলায় এক ইসরায়েলি সেনা নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার আনুমানিক সকাল ৬টায় দক্ষিণ লেবাননের কাফর তিবনিত এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর গিভাতি ব্রিগেডের একটি ট্যাংক লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালানো হয়। ট্যাংকের ঠিক কাছাকাছি ড্রোনটি বিস্ফোরিত হলে স্প্লিন্টারের আঘাতে চার ইসরায়েলি সেনা গুরুতর আহত হন। হামলার পরপর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার মাত্র কয়েক মিনিটের মাথায়, উদ্ধারকারী যানটিকে লক্ষ্য করে আরও একটি বিস্ফোরক ড্রোন আঘাত হানে। দ্বিতীয় এই ড্রোন বিস্ফোরণে একজন ইসরায়েলি সেনা নিহত হন।
এদিকে আল-মানার নিউজের প্রতিবেদন অনুযায়ী, হিজবুল্লাহর জোড়া ড্রোন হামলার জবাবে ইসরায়েলি বাহিনী তাৎক্ষণিকভাবে ওই এলাকার বিভিন্ন অবস্থানে পাল্টা কামানের গোলা বর্ষণ করে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তির সমঝোতা প্রক্রিয়ার সময়েও মাঠপর্যায়ে যুদ্ধ থামেনি। মাত্র দুই দিন আগে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের ভেতরে জোরপূর্বক অগ্রসর হওয়ার চেষ্টা, আকস্মিক অভিযান এবং বোমাবর্ষণ শুরু করে। লেবাননের প্রতিরোধ যোদ্ধারাও ইসরায়েলি বাহিনীর এই অগ্রযাত্রার মুখে বাধা সৃষ্টি করে। বিশেষ করে কাফর তিবনিতের উপকণ্ঠে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বেশ কয়েকটি পাল্টা আক্রমণ চালায়।
ইসরায়েলি গণমাধ্যমগুলো আরও জানায়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর একটি হামভি সামরিক যান লক্ষ্য করে পেতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই বোমা বিস্ফোরণের ফলে যানটিতে থাকা আরও ১০ জন ইসরায়েলি সেনা সদস্য আহত হন।
সূত্র:মেহের নিউজ, আলজাজিরা



