ইরানকে ১০ দিনের সময় দিলেন ট্রাম্প

ইরানকে আবারও হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তি করতে ইরানের জন্য ১০-১৫ দিনের সময় আছে। তা না হলে, ইরানকে আবারও সামরিক হামলার মুখোমুখি হতে হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে গাজা শান্তি বোর্ডের উদ্বোধনী সভায় বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প এসব কথা বলেন বলে জানিয়েছে আল-জাজিরা।
এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি ও মার্কিন সামরিক হামলা গাজায় ‘যুদ্ধবিরতির’ পথ প্রশস্ত করেছিল।
ট্রাম্পের দাবি, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা না হলে দেশটির হুমকি অব্যাহত থাকতো। এ কারণে মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশগুলো শান্তি প্রতিষ্ঠায় সম্মত হতো না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, এবার আমরা ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে পারি, অথবা (পারমাণবিক চুক্তি হলে) আমরা দেশটির বিরুদ্ধে কোনো ব্যববস্থা নেব না।
তিনি আরও বলেন, এবার আমরা ইরানের সঙ্গে একটি চুক্তি করতে যাচ্ছি। এ বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে আপনারা জানতে পারবেন।