Advertisement

ইরাকে একযোগে হামলা চালাল যুক্তরাষ্ট্র ও সৌদি আরব

এশিয়া পোস্ট ডেস্ক
ইরাকে একযোগে হামলা চালাল যুক্তরাষ্ট্র ও সৌদি আরব
ছবি: সংগৃহীত

ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থানে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এতে অন্তত আটজন নিহত হয়েছেন। হামলায় আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশে এ হামলা চালানো হয়। নিহতরা দেশটির পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) সদস্য বলে জানিয়েছে নিনেভেহে পিএমএফের কমান্ড।

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দাবি, সম্প্রতি সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার জবাব হিসেবে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নির্দেশনায় মার্কিন বাহিনী ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার অভিযোগে ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে নির্ভুল হামলা চালানো হয়েছে।

হামলার বিষয়টি নিশ্চিত করে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্টকমের সঙ্গে সমন্বয় করে ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের বিভিন্ন অবস্থানে অভিযান চালিয়েছে সৌদি সশস্ত্র বাহিনী।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, সোমবার ও মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চল এবং রাজধানী রিয়াদের তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ছোড়া একাধিক ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়। এর পরিপ্রেক্ষিতেই যৌথ সামরিক অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে রিয়াদ ও ওয়াশিংটন।

তবে হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই সঙ্গে পিএমএফের সংশ্লিষ্ট ইউনিটও যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।