Advertisement

বাংলাদেশে যা চলছে, সেটা অমানবিক: দিলীপ ঘোষ

এশিয়া পোস্ট নিউজ, কলকাতা
বাংলাদেশে যা চলছে, সেটা অমানবিক: দিলীপ ঘোষ
পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ। ছবি: সংগৃহীত

ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়ি অগ্নিসংযোগের প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, ‘বাংলাদেশে যা চলছে, সেটা অমানবিক। আমরা চাই ওখানে শান্তি এবং আইনের শাসন ফিরুক।’

Advertisement

বৃহস্পতিবার (৬ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, ‘এর আগেও সেদেশে (বাংলাদেশ) এক ক্রিকেটারের বাড়িতে হামলা হয়েছিল। ওখানে যা চলছে সেটা অমানবিক। সরকারকে ওরাই এনেছে। ওদের নির্দেশেই সরকার চলছে। ওখানে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। আশা করব ওখানে শান্তি আসবে এবং আইনের শাসন ফিরবে।’

এ ছাড়াও বাংলাদেশে কোনোরকম উত্তেজনা শুরু হলে তার প্রভাব আদৌ পশ্চিমবঙ্গে পড়তে পারে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা রাজনৈতিকভাবে অস্থির। সেই ধাঁচে ভারতেও জেন-জির নাম করে একই জিনিস করার চেষ্টা হয়েছে। সেখান থেকে মদদ পেয়ে দেশ অশান্ত করার চেষ্টা হয়েছে।’

বিজেপির এই মন্ত্রী আরও বলেন, ‘তারা জানেন না ভারতের সমাজ অনেক স্থিতিশীল। কিছু অর্বাচীন লোক নাচানাচি করেছিল তাদের আইনের আওতায় আনা হয়েছে। যারা বাংলাদেশ ও পাকিস্তান থেকে অনুপ্রেরণা পেয়ে এখানে অশান্তি পাকানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে।’

এর আগে, গতকাল বুধবার ভারতের নয়াদিল্লিতে সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল প্রেস কনফারেন্সে যোগ দেন ক্রিকেটার সাকিব আল হাসান। এরপরেই বাংলাদেশের তার বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। যে ঘটনা পরে পশ্চিমবঙ্গে ব্যাপক আলোচিত হয়।