এবার পশ্চিমবঙ্গে স্কুলের প্রার্থনা সংগীত পরিবর্তন করলেন শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন শুভেন্দু অধিকারী। এর অংশ হিসেবে রাজ্যের শিক্ষাব্যবস্থায়ও এনেছেন বড় পরিবর্তন। এখন থেকে রাজ্যের প্রতিটি স্কুলে দৈনিক প্রার্থনা সভায় বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গাওয়া হবে। এতদিন ধরে চলে আসা ‘রাজ্য সংগীত’ গাওয়ার প্রথা বাতিল করে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর (বিকাশ ভবন) থেকে রাজ্যের প্রতিটি জেলা শাসকের কাছে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে। ডিআইদের মাধ্যমে ইমেইল এবং হোয়াটসঅ্যাপে প্রতিটি স্কুলের প্রধানদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
এর আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পরিবর্তনের ঘোষণা দেন। সোমবার (১১ মে) থেকে পশ্চিমবঙ্গের সব বিদ্যালয়ে ‘বন্দে মাতরম’ প্রার্থনা সংগীত গাওয়া হবে বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্যের প্রশাসনিক স্তরে তোড়জোড় শুরু হয়। মঙ্গলবার (১২ মে) সরকারের জারি করা সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে এখন থেকে জাতীয় সংগীত ‘জনগণমন’-এর পাশাপাশি ‘বন্দে মাতরম’ গাইতে হবে শিক্ষার্থীদের।
বিকাশ ভবনের নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতিদিন প্রার্থনা সভায় এই নিয়ম পালন করা হচ্ছে কি না, তা স্কুল কর্তৃপক্ষকে নিয়মিতভাবে শিক্ষা দপ্তরে রিপোর্ট করতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই নির্দেশনা আসার পর থেকে রাজ্যের নানা প্রশ্ন ও বিভ্রান্তি তৈরি হয়েছে। শিক্ষকদের একাংশ প্রশ্ন তুলেছেন, জাতীয় সংগীত এবং বন্দে মাতরম দুটি কি গাইতে হবে? কোনটি আগে এবং কোনটি পরে গাওয়া হবে? যেসব স্কুলের নিজস্ব পুরোনো প্রার্থনা সংগীত রয়েছে, সেগুলোর ভবিষ্যৎ কী?
এর আগে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে ‘রাজ্য সংগীত’ হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং প্রতিটি স্কুলে তা বাধ্যতামূলকভাবে গাওয়ার নির্দেশ ছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বর্তমান সরকার সেই নিয়ম বদলে দিয়ে রাষ্ট্রগান ‘বন্দে মাতরম’ অন্তর্ভুক্ত
