logo

হরমুজ প্রণালির কাছে নৌযানে আগুন, ভারতীয় নাবিক নিহত

হরমুজ প্রণালির কাছে নৌযানে আগুন, ভারতীয় নাবিক নিহত

মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালির কাছে একটি কাঠের তৈরি নৌযানে (ধাও) আগুন লেগে ডুবে যাওয়ার ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে সরকারি সূত্র জানিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, জাহাজটিতে মোট ১৮ জন ভারতীয় ক্রু ছিলেন। পরে পাশ দিয়ে যাওয়া একটি জাহাজ তাদের উদ্ধার করে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র জানিয়েছে, আহত নাবিকদের দুবাইয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় দুবাইয়ের ভারতীয় কনস্যুলেট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, তাদের কর্মকর্তারা উদ্ধার হওয়া ভারতীয় নাবিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

পোস্টে বলা হয়, আমরা ধাও জাহাজটির মালিকের সঙ্গে যোগাযোগ রাখছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছি।

এর আগে ভারতীয় কনস্যুলেট সংক্ষিপ্ত এক বিবৃতিতে জানায়, সমুদ্রে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনায় এক ভারতীয় নাবিকের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছে।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থল হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। বৈশ্বিক তেল সরবরাহের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।

শুক্রবার ওই এলাকায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে, যা এক মাসের যুদ্ধবিরতিকেও আবার অনিশ্চয়তার মুখে ফেলেছে।

ইরান অভিযোগ করেছে, মার্কিন বাহিনী দুটি জাহাজ লক্ষ্য করে হামলা চালায় এবং বেসামরিক এলাকায় আঘাত হানে। তবে ওয়াশিংটনের দাবি, তারা পাল্টা জবাব হিসেবে হামলা চালিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলাগুলির এই ঘটনাকে ‘লাভ ট্র্যাপ’ বলে উল্লেখ করেছেন।

পরে তিনি আবারও ইরানকে নতুন করে আলোচনায় ফেরার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দেন— যদি তেহরান সমঝোতায় রাজি না হয়, তাহলে আরও হামলার মুখোমুখি হতে হবে।