logo

হরমুজ প্রণালিকে হাতিয়ার বানিয়ে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

হরমুজ প্রণালিকে হাতিয়ার বানিয়ে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

চলমান সংঘাতে ইরানের অবস্থান ক্রমেই আরও কঠোর হচ্ছে। দেশটির সামরিক বাহিনী, কূটনীতিক ও রাজনৈতিক নেতৃত্ব একই কৌশলে এগোচ্ছে, আর তা হলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে পাল্টা চাপ সৃষ্টি করা।

ইরানের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, দেশটির বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হবে। এ সময় ইরানি সামরিক মুখপাত্র একটি মানচিত্র প্রকাশ করে উপসাগরীয় অঞ্চল ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনার অবস্থানও দেখান। খবর আলজাজিরা

এদিকে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ রাখার বিষয়েও কড়া অবস্থান জানিয়েছে তেহরান। ইরান বলছে, তাদের জ্বালানি অবকাঠামো পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এই প্রণালিতে স্বাভাবিক চলাচল ব্যাহত থাকতে পারে।

দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের গালিবাফ পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ইঙ্গিত দেন, শুধু সামরিক নয়, যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান ও তাদের সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী  আব্বাস আরাগচি দাবি করেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে বীমা কোম্পানিগুলো ঝুঁকি নিতে চাইছে না, ফলে জাহাজ চলাচল কমে গেছে। তার ভাষায়, ইরানের মিত্রদের জন্য এই পথ খোলা রয়েছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের একটি বড় অংশের তেল ও গ্যাস সরবরাহ এই প্রণালির ওপর নির্ভরশীল হওয়ায় ইরান এটিকে বড় চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একই সঙ্গে ইয়েমেনের হুতি গোষ্ঠী যদি বাব এল-মান্দেব প্রণালি বন্ধ করে দেয়, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও বড় সংকট তৈরি হতে পারে।