logo

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ৯ জন নিহত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ৯ জন নিহত

জেরুজালেমের পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। 

রোববার (১ মার্চ) সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে। 

ইসরায়েলি ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, জেরুজালেম থেকে ৩০ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় নতুন করে হামলা চালিয়েছে ইরান। 

ম্যাগেন ডেভিড অ্যাডোমের মুখপাত্র জাকি হেলার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে বলেছেন, বেইত শেমেশে সরাসরি আঘাতে নয়জন নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, অনুসন্ধান ও উদ্ধার বাহিনী, মেডিকেল টিম এবং হতাহতদের সরিয়ে নেওয়ার জন্য একটি হেলিকপ্টারসহ হামলাস্থলে কাজ করছে।

এদিকে ওমানের উপকূলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত একটি তেল ট্যাংকারে হামলা চালিয়েছে ইরান। আজ দেশটির মুসানদাম উপদ্বীপের কাছে পালাউয়ের পতাকাবাহী ‘স্কাইলাইট’ নামের একটি জাহাজে হামলা হয়। এতে চারজন নাবিক আহত হয়েছেন বলে জানিয়েছে ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, হামলার পর জাহাজটিতে থাকা ২০ জন নাবিককে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৫ জন ভারতীয় ও ৫ জন ইরানি নাগরিক। তবে জাহাজটিতে কোন অস্ত্র ব্যবহার করে হামলা করা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি তারা।

কর্তৃপক্ষ জানায়, ঘটনাটি ঘটেছে হরমুজ প্রণালিতে, মুসানদামের খাসাব বন্দরের প্রায় ৫ নটিক্যাল মাইল উত্তরে। হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।

সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি লক্ষ্য করেও ইরান থেকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। প্রতিরক্ষা সচিব জন হিলি এ তথ্য নিশ্চিত করেছেন। 

জন হিলি বলেন, আমরা নিশ্চিত নই যে, তারা ইচ্ছাকৃতভাবে আমাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল কি না। তিনি আরও উল্লেখ করেছেন, বাহরাইনের লক্ষ্যবস্তুর কাছাকাছি ৩০০ জন ব্রিটিশ সামরিক কর্মী ছিলেন।

জন হিলি স্কাই নিউজের সানডে মর্নিং উইথ ট্রেভর ফিলিপস প্রোগ্রামে বলেছেন, এটি সত্যিই একটি গুরুতর এবং অবনতিশীল পরিস্থিতি। ইরানের নির্বিচারে প্রতিশোধমূলক আক্রমণের ঝুঁকি আরও বাড়ছে।