স্পেনে দাবানলে ১২ জনের মৃত্যু

স্পেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আলমেইরিয়ায় দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে বর্তমানে ১৫০ জন দমকলকর্মী কাজ করছেন বলে শুক্রবার (১০ জুলাই) ভোরে আন্দালুসিয়ার জরুরি সেবা সংস্থা নিশ্চিত করেছে।
আন্দালুসিয়ার স্বাস্থ্য ও জরুরি বিষয়কমন্ত্রী আন্তোনিও সানজ বলেছেন, এ দাবানল আমাদের অঞ্চলে এ যাবৎকালের সবচেয়ে বিধ্বংসী দাবানল।
এর আগে, প্রাথমিকভাবে দাবানলে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের প্রধান হুয়ানমা মোরেনো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, লস গ্যালার্দোসে যে ছয়জন মানুষ প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা এবং এই আগুনে ক্ষতিগ্রস্ত পৌরসভাগুলোর প্রতি আমাদের সহানুভূতি রইল। লস গ্যালার্দোস আন্দালুসিয়া অঞ্চলের আলমেইরিয়া প্রদেশের একটি পৌরসভা।
চলতি সপ্তাহের শুরুর দিকে স্পেনের সীমান্তবর্তী দক্ষিণ ফ্রান্সে একটি অনিয়ন্ত্রিত দাবানলের কারণে দুই ডজন ছোট শহর ও গ্রাম থেকে ১০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে স্পেনে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল।
আবহাওয়াবিদদের মতে, গত মে ও জুন মাসে পশ্চিম ইউরোপজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপদাহের কারণে বিস্তীর্ণ অঞ্চলের ভূখণ্ড শুকিয়ে যাওয়ায় চলতি বছর এলাকাগুলো দাবানলের প্রতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, ইউরোপ মহাদেশটি বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে, যার ফলে সেখানে দীর্ঘস্থায়ী তাপদাহের প্রকোপ ক্রমাগত বেড়ে চলেছে।
সূত্র: রয়টার্স




