logo

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিকভাবে জড়ানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, আমরা যদি নয় মাস আগে তাদের ওপর বি-২ বোমারু বিমান দিয়ে হামলা না চালাতাম, তবে এতদিনে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত এবং পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হত।

ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, আপনি ইরাকের পরিস্থিতি দেখুন। আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। এটি ছিল একেবারেই বোকামিপূর্ণ কাজ। আমাদের শুরুতেই সেখানে যাওয়া উচিত ছিল না। এমনকি আমাদের ইরানে যাওয়াও উচিত হয়নি। কিন্তু ইরানের সেই (পারমাণবিক) সক্ষমতা রয়েছে।

তিনি বলেন, আমরা যদি নয় মাস আগে বি-২ বোমারু বিমান দিয়ে তাদের ওপর আঘাত না হানতাম, তবে তাদের হাতে এখন পারমাণবিক অস্ত্র থাকত। পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হত—সম্ভবত ইসরায়েলের অস্তিত্বই থাকত না, এমনকি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাও হুমকির মুখে পড়ত।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করেনি।

ট্রাম্প বলেন, তাদের সামরিক বাহিনীকে আমরা এক রকম স্পর্শ করিনি, কারণ আমরা মনে করি তাদের সেনাবাহিনী কিছুটা নমনীয়। তাদের অন্য কিছু লোক আছে যারা নমনীয় নয়, আমরা তাদের শেষ করেছি। আমরা নেতৃত্বের বিভিন্ন অংশকে সরিয়ে দিয়েছি, কিন্তু তাদের সামরিক বাহিনীকে স্পর্শ করিনি।

তার কথায়, যুদ্ধের সময় সবকিছু ধ্বংস করে দেওয়ার মতো ভুল সিদ্ধান্ত হয়েছে, যার ফলে এমন একটি দেশ তৈরি হয়, যার ফলে সেই দেশটি ৪০ বছরেও নিজেকে পুনর্গঠন করতে পারে না।